আপডেট: আগস্ট ১৩, ২০১৯

আপডেট:

টাঙ্গাইলের ঘাটাইলে কোরবানির জন্য প্রস্তুতের সময় লাফিয়ে উঠা সেই ক্ষিপ্ত মহিষটিকে জীবিত অবস্থায় নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রায় ২৮ ঘন্টাপর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নামক এক বিল থেকে উদ্ধার করে ঢাকা জাতীয় চিড়িয়াখানার পশু কর্মকর্তা নাজমুল হকের টিম, স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ জনগণ।
জানা যায়, নিকলা বিলে অবস্থানরত মহিষটির শরীরে প্রায় ৭০ মিটার দূর থেকে চেতনানাশক ঔষধ নিক্ষেপ করে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধাররত কর্মীরা। এর আগে গতকাল সোমবার ভূঞাপুর উপজেলা প্রশাসন থেকে মহিষটি উদ্ধারে ঢাকার এক পশু কর্মকর্তা সহযোগিতা চাওয়া হলে আজ মঙ্গলবার ঢাকার জাতীয় চিড়িয়াখানার পশু কর্মকর্তা নাজমুল হক মহিষটি উদ্ধারে আসেন।
এ ঘটনায় কর্তৃব্যরত ভুঞাপুর থানার উপ-পরিদর্শক শামছুল ইসলাম ও এসআই টিটু চৌধুরী জানান, ঈদ উপলক্ষে ঘাটাইলের যুগিহাটি গ্রামের আরিফুল সরকারের বাড়িতে একটি মহিষ কয়েক জন মিলে কোরবানি দেওয়ার জন্য কিনেছিলেন। কোরবানি দেওয়ার সময় হঠাৎ লাফিয়ে উঠে। পরে সেখানে থাকা একই পরিবারের ৫ জনসহ ১২ জনকে আহত করে মহিষটি ভুঞাপুর উপজেলার কাগমারি পাড়ার ধান ক্ষেতে (চরায়) চলে যায়। পরে রাতে নিকলা বিলে অবস্থান করলে দুপুরে মহিষটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, গতকাল সোমবার (১২ আগস্ট) ঈদের দিন সকালে জবাহ করার সময় মহিষটি ক্ষিপ্ত হয়ে উঠে পালিয়ে যায়। মহিষটিকে ধরার জন্য চেষ্টা করলে বেশ কয়েক জন আহত হয়। এরপর দুপুরের পর থেকে ওই মহিষটি উদ্ধার করার চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি। পরে ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে আগত পশু কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনগণের সহায়তায় মহিষটি উদ্ধার করা সম্ভব হয়।