আপডেট: এপ্রিল ২৮, ২০১৯

আপডেট:

চট্টগ্রামে বাকলিয়া এলাকা থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাকলিয়া থানা পু্লিশ। শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ওই শিক্ষার্থীর ফুফুর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী আনোয়ারা উপজেলার খানসামা এলাকার রেজাউল করিমের ছেলে মিনহাজুল করিম (১৯)।
মিনহাজুল কায়সার-নিলুফার সিটি করপোরেশন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে জানিয়েছে পু্লিশ। বাকলিয়া থানার পরিদশর্ক (তদন্ত) মো. মঈন উদ্দিন বলেন, মিনহাজুল করিম কায়সার-নিলুফার সিটি করপোরেশন কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র। তিনি বাকলিয়ায় ফুফুর বাসায় থেকে পড়াশোনা করতেন। গত কয়েকমাস ধরে মিনহাজুল হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবার জানিয়েছে। হতাশা থেকে মিনহাজুল ‘আত্মহত্যা’ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মঈন উদ্দিন জানান, মিনহাজুলের বাবা রেজাউল করিম খাতুনগঞ্জে ব্যবসা করতেন। গতবছর তার ব্যবসায় লোকসান হয়। পরে তারা চট্টগ্রাম শহর থেকে পুরো পরিবার আনোয়ারা গ্রামের বাড়িতে চলে যান। তিনি এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।’ তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে মিনহাজুল করিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।