২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

ওসি মোয়াজ্জেমকে রংপুরে বদলির প্রতিবাদে জুতা প্রদর্শন করে মানববন্ধন

আপডেট: মে ১১, ২০১৯

  • Facebook Share
ওসি মোয়াজ্জেমকে রংপুরে বদলির প্রতিবাদে জুতা প্রদর্শন করে মানববন্ধন

মো.আসিক প্রামানিক (পীরগঞ্জ, রংপুর):   ফেনীতে নুসরাত হত্যার সাথে জরিত ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর ডিআইজি রেঞ্জে বদলি করার প্রতিবাদে জুতা প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে রংপুরের সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ।  
শনিবার ( ১১ মে) দুপুর ১২টার দিকে নগরের লালবাগ মোড়ে ওসি মোয়াজ্জেমকে রংপুর রেঞ্জ থেকে অবিলম্বে প্রত্যাহার এবং স্থায়ী চাকরিচ্যুত করার দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার  পরিষদ এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক রায়হান শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পূণ্যভূমি রংপুরে নুসরাত হত্যার সাহায্যকারী মোয়াজ্জেমের ঠাঁই হবে না।
দেশে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেই যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি এসব ঘটনার মূল কারণ বলে বক্তারা অভিমত দেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জুতা প্রদর্শন করে নারী নির্যাতন ও হত্যাকারীদের সহযোগী ওসি মোয়াজ্জেমের প্রতি ঘৃণা প্রকাশ করে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওসি মোয়াজ্জেমকে রংপুর রেঞ্জ থেকে অবিলম্বে প্রত্যাহার, এবং তাকে অন্যত্র বদলি না করে শাস্তির আওতায় আনার জোর দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সচেতন মহল। হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে রংপুর কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

গত শুক্রবার গণমাধ্যমে ওসি মোয়াজ্জেমকে রংপুর ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার খবর প্রকাশিত হওয়ার পর থেকে ফুলে ফেঁপে উঠেছে রংপুরের সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে । এমন অবস্থায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের ডাক দেয়।