২২, এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার | | ১০ রমজান ১৪৪২

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটি রেখেই প্রশস্ত হচ্ছে মহাসড়ক,বড়ধরনের দুর্ঘটনা আশঙ্কা

আপডেট: মে ১৯, ২০১৯

  • Facebook Share
কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটি রেখেই প্রশস্ত হচ্ছে মহাসড়ক,বড়ধরনের দুর্ঘটনা আশঙ্কা

এ,জে সুজন : কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ। এ কারণে যানবাহন চলাচলে বাঁধা হয়ে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসন এবং পল্লী বিদ্যুতের ডিজিএমসহ সংশ্লিষ্টদের কাছে খুঁটিগুলো সরানোর জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয়রা। তবে পল্লী বিদ্যুতের গাফিলতির কারণেই খুঁটিগুলো সরানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছে অনেকেই। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের নির্মাণ কাজ চলছে। কিন্তু কুষ্টিয়া শহরতলির লাহিনী বটতলা থেকে দবির মোল্লার গেট পর্যন্ত ১০টি এবং আলাউদ্দিন নগর এলাকায় ৫টির মতো বিদ্যুতের খুঁটি রয়েগেছে সড়কের মাঝেই। এছাড়া অন্যান্য স্থানে আরও অনেক বিদ্যুতের খুঁটি রয়েগেছে। ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সড়ক থেকে খুঁটিগুলো সরানোর জন্য কুষ্টিয়া পল্লী বিদ্যুতের অফিসের জেনারেল ম্যানেজারকে (জিএম) বলেছে। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘খুঁটিগুলো সরানোর বিষয়ে আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং অনুরোধ করছি। এসব খুঁটি না সরানোর ফলে সড়কে কাজ করতে আমাদের অনেক ঝামেলা হচ্ছে। এছাড়া দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।’ কুষ্টিয়া পল্লী বিদ্যুতের জিএম হারুন আর রশীদ জানান, খুঁটিগুলো সরানোর জন্য ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। অনেক খুঁটি ইতোমধ্যে সরানো হয়েছে।