আরমান খান, (বোয়ালখালী প্রতিনিধি): চট্টগ্রামের বোয়ালখালীতে জাল সনদ দিয়ে মুক্তিযোদ্ধার ভাতাসহ সরকারি সুবিধা ভোগ করায় সেলিম চৌধুরী বাবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন জেলা সমাজসেবা কর্মকর্তা। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রঞ্জন চন্দ্র দে। গত ২১ নভেম্বর সহকারী কমিশনার রঞ্জন চন্দ্র দে স্বাক্ষরিত আদেশে বলা হয়, ভুয়া মুক্তিযোদ্ধা সেলিম চৌধুরী বাবুল ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০১৭-১৮ পর্যন্ত সম্মানী ভাতা ও উত্সব ভাতা হিসেবে তিন লাখ ৭১ হাজার ৫০০ টাকা উত্তোলন করেছেন। এ টাকা চালানের মাধ্যমে ফেরত দিতে একাধিকবার অনুরোধ জানানো হয়। কিন্তু সেলিম চৌধুরী তাতে সাড়া দেননি।
সেলিম চৌধুরী বাবুল নগরীর কোতোয়ালি থানাধীন রহমতগঞ্জের আবদুস ছাত্তার রোডের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বোয়ালখালী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা ওয়াজেদের সাময়িক মুক্তিযোদ্ধা সনদ জাল করে সরকারি সম্মানী ভাতা, উৎসব ভাতাসহ সুযোগ-সুবিধা ভোগ করে আসছিলেন। তাঁর পরিবারের সদস্যরাও একই সনদ ব্যবহারের সুযোগ নেয়।