২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনে গণজোয়ার

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • Facebook Share
ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনে গণজোয়ার

ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলন গণজোয়ারে পরিনত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৯.৩০ মিনিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সম্মুখ থেকে সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সেন্ট্রাল লাইব্রেরীর সামনে আসলে সেন্ট্রাল লাইব্রেরীতে অধ্যায়নরত শিক্ষার্থীরা দলে দলে বের হয়ে এসে বিক্ষোভ মিছিলে যোগদান করেন। বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এসে অবস্থান করেন এবং “নির্লজ্জ প্রশাসন, ধিক্কার ধিক্কার” “বেহায়া প্রশাসন ধিক্কার, ধিক্কার” “১-২-৩-৪, সাত কলেজ ঢাবি ছাড়” এই জাতীয় স্লোগান দেন।সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়া বলেন, আমরা আগেও বলেছি আমাদের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে সাত কলেজের বিরুদ্ধে নয়। তিনি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের শত্রুভাবাপন্ন মনোভাব পোষণ না করার জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন প্রশাসন আমাদের দাবি মেনে নিলেই আমরা ক্লাসে ফিরে যাবো। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ শফিকুল ইসলাম দৈনিক সময়ের কন্ঠকে বলেন, সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত করায় আমরা পরিচয় সংকটে ভুগছি। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিলে আমাদের জিজ্ঞেস করা হয় কোন শাখা। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় সংকট হলে এক সময়ে বাংলাদেশও  পরিচয় সংকটে পড়তে পারে বলে তিনি মনে করেন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব ও মর্যাদা টিকিয়ে রাখার জন্যই সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে।এদিকে সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনের কারনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্যাংক সহ সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাপ্তন কর্মচারী সময়ের কন্ঠকে বলেন, ব্যাংকে টাকা উত্তোলন করার জন্য আসছিলাম কিন্তু মূল ফটক তালাবদ্ধ থাকায় কর্মকর্তা কর্মচারীরা ভিতরে প্রবেশ করতে পারছেন না তাই সব কার্যক্রম বন্ধ হয়ে আছে।একাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী মিনহাজ দৈনিক সময়ের কন্ঠকে বলেন, অধিভুক্তি বাতিল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। রাজনৈতিক কারনে অধিভুক্তি বাতিলের বিষয়টি ঝুলে আছে। প্রশাসনের উচিত দ্রুত বিষটি  সমাধান করা।