৩, ডিসেম্বর, ২০২০, বৃহস্পতিবার | | ১৭ রবিউস সানি ১৪৪২

জবি’তে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ আগস্ট

আপডেট: জুলাই ২৬, ২০১৯

  • Facebook Share
জবি’তে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ আগস্ট

আব্দুল্লাহ নুর, জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তির প্রাথমিক কার্যক্রম শুরু হবে আগামী ১ আগস্ট থেকে। আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বছর তিনটি ইউনিট ও বিশেষায়িত বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট-১ বিজ্ঞান শাখা। ইউনিট-২ মানবিক শাখা। ইউনিট-৩ বাণিজ্য শাখা।  বিশেষায়িত চারটি বিভাগ (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন)।

উপাচার্য ড. মীজানুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং ভর্তি সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, নির্ধারিত জিপিএ ধারি শিক্ষার্থীরা প্রাথমিক বাছাইয়ের জন্য আবেদন করতে পারবে। বিভাগ অনুযায়ী ১, ২, ৩ প্রত্যেক ইউনিটের প্রাথমিকভাবে বাছাইকৃত প্রথম ২৫ হাজার যোগ্য পরীক্ষার্থী ২৩ আগস্ট থেকে লিখিত ভর্তি পরীক্ষার আবেদন পূরণ করতে পারবে। এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত মোট জিপিএ এবং এইচএসসিতে চতুর্থ বিষয়সহ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে প্রত্যেক ইউনিটে প্রথম ২৫ হাজার পরীক্ষার্থী নির্বাচন করা হবে। বিশেষায়িত বিভাগে ভর্তির আবেদনের জন্য নির্ধারিত জিপিএধারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

দুই শিফটে ইউনিট-৩ এর ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর, ইউনিট-২ এর ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর এবং ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশেষায়িত বিভাগসমূহের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) প্রকাশ করা হবে৷