১৮, সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার | | ৩০ মুহররম ১৪৪২

জবির সমাবর্তন ১১ জানুয়ারি

আপডেট: জুলাই ২৯, ২০১৯

  • Facebook Share
জবির সমাবর্তন ১১ জানুয়ারি

জবি প্রতিনিধিঃ

আগামী বছরের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। এ সমাবর্তনে সভাপতিত্ব করার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

রোববার শিক্ষা মন্ত্রালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অনুমতি পত্রে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান খেলার মাঠে (ধুপখোলা) এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

অনুমতি পত্রে জানানো হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ৯(এক) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ আগামী ১১ জানুয়ারি ২০২০ তারিখ বেলা ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে ১ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন’।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ১৮,২৮৪ জন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে নিবন্ধন করেছেন। এর মধ্যে কলা অনুষদের ৩,৬২৩ জন, বিজনেস স্ট্যাডিজ অনুষদের ৫,৪৩৫ জন, বিজ্ঞান অনুষদের ৩,০৪৮ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ৩,৪১০ জন, আইন অনুষদের ৩৩৪ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ২,৪৩৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

ইতোমধ্যে সম্মেলনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। দেয়া হয়েছে কমিটি, উপ-কমিটি। সমাবর্তনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমরা সমাবর্তনকে সফল করার জন্য কমিটি করেছি। ইতোমধ্যে কমিটির সদস্যরা কাজ শুরু করেছে’।