আপডেট: নভেম্বর ২৯, ২০১৮

আপডেট:

মোঃ সাইফুল ইসলাম, (পটুয়াখালী প্রতিনিধি): কলাপাড়ায় স্বামী রাকিবুল ইসলামের মারধরে গুরুতর জখম গৃহবধূ এক সন্তানের মা খাদিজা আক্তার (৩২) মারা গেছেন। বুধবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নবীপুর গ্রাম থেকে খাদিজার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়িসহ সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহত খাদিজার মা রোকেয়া বেগম মামলাটি করেছেন।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে খাদিজাকে সোমবার স্বামী রাকিবুল ইসলামসহ আসামিরা মারধর করে। গুরুতর অবস্থায় তাঁকে মঙ্গলবার কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দুইটার সময় খাদিজা মারা যায়। লাশ বাড়ি নিয়ে দাফনের উদ্যোগ নেয় স্বামীসহ পরিবারের লোকজন। নিহতের মায়ের অভিযোগে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, নিহত গৃহবধুর সাড়ে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। আসামিরা সবাই পলাতক।