আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৯

আপডেট:

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি খাবার হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির একাংশ ধসে পড়ে দগ্ধসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। এসময় পাশের দু’টি ভবনের কিছু অংশও ধসে পড়ে। গতকাল শনিবার রাত ২টার দিকে রাঁধুনি হোটেলে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, শনিবার মধ্যরাতে বোর্ড বাজার এলাকায় তিন তলা ভবনের রাঁধুনি হোটেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলা ও দ্বিতীয়তলা এবং পাশের দু’টি চারতলা ভবনের নিচতলা আংশিক ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি বলেন, বিস্ফোরণে হোটেলটি চ‚র্ণ-বিচ‚র্ণ হয়ে গেছে। এছাড়া পাশের তৃপ্তি হোটেল ও আইএফআইসি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের হাসপাতাল নিয়ে যান। তবে, ফায়ার সার্ভিস পরে আরও দু’জনকে উদ্ধার করে।’
মো. আতিকুর রহমান বলেন, হোটেলটিতে গ্যাসের সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তদন্তের পরই বিষয়টি পরিষ্কার বলা যাবে।
ঢামেক হাসপাতালের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণের ঘটনায় ১৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
অপরদিকে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় রাঁধুনি নামে খাবার হোটেলে বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর গতকাল রোববার সকালে গাজীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুর ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুর ইসলাম জানান, রাত ২টার দিকে বোর্ডবাজার এলাকায় রাঁধুনি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ফায়ার সার্ভিসের একজন, জিএমপি পুলিশের একজন, তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের একজন ও বিস্ফোরণ অধিদপ্তরের একজন প্রতিনিধি। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।