মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালী ১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে বাতিল করা হয়েছে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন। ঋণ খেলাপের কারণে বাতিল করা হয়েছে তার মনোনয়ন।
অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়াকে। জাতীয় পার্টি থেকে এবিএম রুহুল আমিন মনোনয়ন পেলে কিছুটা চিন্তায় পরেছিলেন আ.লীগের নেতারা। তাদের চিন্তা ছিলো জোটের খাতিরে জাতীয় পার্টিকে ছাড়তে হতে পারে আসনটি। যেমনটা হয়েছিল ১০ম জাতীয় সংসদ নির্বাচনে।
গত ২৮ নভেম্বর (বুধবার) রুহুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে পটুয়াখালী শহরে।এসময় বর্তমান সাংসদ এবিএম রুহুল আমিনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
রুহুল আমিনের মনোনয়ন বাতিল হওয়ায় স্বস্তি ফিরেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। কারণ প্রথম থেকেই নৌকার মনোনয়ন নিশ্চিত করার দাবী ছিলো তৃণমূলের নেতৃবৃন্দের। লাঙ্গলের মনোনয়ন বাতিল হওয়ায় নিশ্চিত হয়েছে নৌকার মনোনয়ন। তবে আওয়ামী লীগের একটা অংশ ছিলো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আফজালের সমর্থনে। তারা অ্যাডভোকেট আফজালকে মনোনয়ন দেয়ার দাবী জানিয়েছিলেন। অ্যাডভোকেট আফজাল মনোনয়ন না পাওয়ায় কিছুটা হতাশ তার সমর্থকগোষ্ঠী।