২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

তাড়াইল উপজেলা জাওয়ার ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল আটক

আপডেট: অক্টোবর ২২, ২০১৯

  • Facebook Share
তাড়াইল উপজেলা জাওয়ার ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল আটক

সরকারিভাবে খাদ্যবান্ধব কর্মসূচির নামে বরাদ্দ ১০ টাকা কেজি দরে চাল নিয়ে দূর্নীতির অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া ওই দূর্নীতির সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে ১শ’ ৫০ বস্তা চাল ২শ’ ৬১ জন কার্ডধারীর মাঝে বিলি করার জন্য গত ২১ অক্টোবর সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলা জাওয়ার ইউনিয়নের ডিলার ও ইউপি চেয়ারম্যানের ভাগ্নে সানাউল্লাহ মিয়া উপজেলা খাদ্য গুদাম থেকে উত্তোলন করে জাওয়ার ইউনিয়নে বিতরণ করার জন্য নিয়ে যায়। পরে ৭৮ জন কার্ডধারীর মাঝে চাল বিলি করা হয়। ওই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ২৫ বস্তা চাল টমটম দিয়ে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে উপজেলা সদর বাজারে নিয়ে আসলে তাড়াইল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তা আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্থান্তর করেন।

খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল জাওয়ার ইউনিয়নে বিতরণের দায়িত্বে থাকা উপজেলা পরিবার পরিকল্পনা মাঠকর্মী জাকারিয়ার সাথে কথা হলে তিনি বলেন, গত ২১ অক্টোবর সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে ১শ’ ৫০ বস্তা চাল বিতরণের উদ্দেশ্যে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সানাউল্লাহ মিয়া নিয়ে যায়। কিন্তু বিকাল ৩টা পর্যন্ত কোনো চাল বিতরণ করা হয় নাই। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় চাল বিতরণের উদ্দেশ্যে আমি ওই ইউনিয়নে গিয়ে দেখি ১শ’ ৩ বস্তা চাল মজুদ রয়েছে।

উপজেলা জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, আমার প্রতিপক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে এসব কুৎসা রটাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ খাদ্যবান্ধব কর্মসূচির আটককৃত ২৫ বস্তা চাল কালো বাজারে বিক্রির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কমিটির মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।