২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

ঠাকুরগাঁওয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়িতে ডেকে হত্যার অভিযোগ

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২০

  • Facebook Share
ঠাকুরগাঁওয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়িতে ডেকে হত্যার অভিযোগ


ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁওয়ে তালাক দেওয়ার ৩ মাস পর মোবাইলে স্ত্রীকে বাড়িতে ডেকে এনে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামী সাদ্দাম হোসেন ও তার পরিবারের স্বজনদের বিরুদ্ধে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাদ্দামের বাড়ির উত্তর পাশে ছোট একটি আম গাছে নাজমার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নাজমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহত গৃহবধূ নাজমা আক্তার (২২) বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকারী গ্রামের নাজমুল হকের মেয়ে। নাজমার ৯ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

নাজমার মামা সামশুল হক বলেন, ‘গেল দুই বছর সদর উপজেলার রহিমানপুর খালপাড়া গ্রামের বাচ্চা বাবুর ছেলে সাদ্দামের সঙ্গে বিয়ে হয় নাজমার। গত ৩ মাস হলো স্বামীর সঙ্গে শালিস বৈঠকে নাজমার বিবাহ বিচ্ছেদ হয়।’

তিনি আরও বলেন, ‘বিয়ের সময় ১ লাখ ৫০ হাজার টাকা যৌতুক নিলেও তালাকের সময় ৮০ হাজার টাকা নাজমার পরিবারকে ফেরত দেয় সাদ্দাম। নাজমার ৯ মাস বয়সের একজন কন্যা সন্তান আছে। মেয়েকে দেখার কথা বলে সাদ্দাম নাজমাকে ১৫ ফেব্রুয়ারি মোবাইলে বাড়িতে নিয়ে এসে সেই ৮০ হাজার টাকার জন্য চাপ দেয়। আমরা টাকা দিতে রাজি না হলে সোমবার রাতে নাজমাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে সাদ্দামের পরিবার। খবর পাওয়ার পরে আমরা সাদ্দামের বাবা বাচ্চা বাবুকে আটক করে পুলিশে দিয়েছি। এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষ দোষীদের বিচার চাই।’
তদন্তকারী কর্মকর্তা এসআই শাকিলা বলেন, ‘নাজমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। সেই সঙ্গে তদন্ত চলছে।’