১৪, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২৪ জ্বিলহজ্জ ১৪৪১

বাংলাদেশে করোনার সফল ভ্যাকসিন আবিষ্কার

আপডেট: জুলাই ১, ২০২০

  • Facebook Share
বাংলাদেশে করোনার সফল ভ্যাকসিন আবিষ্কার

বাংলাদেশে প্রথমবারের মতো কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে গ্লোব বায়োটেক নামে একটি প্রতিষ্ঠান। আজ বুধবার (১ জুলাই) প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা পশুর শরীরে ভ্যাকসিনের সফলতা পেয়েছেন। মানবদেহেও সফলতা পাওয়া সম্ভব বলে তারা আশা করছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রতিষ্ঠানটি জানায়, এনসিবিআই ভাইরাস ডাটাবেজ অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজার ৭৪৩টি সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স জমা হয়েছে। বাংলাদেশ থেকে জমা হয়েছে ৭৬টি। সকল সিকোয়েন্স বায়োইনফরম্যাটিক্স টুলের মাধ্যমে পরীক্ষা করে গ্লোব বায়োটেক তাদের ভ্যাকসিনের টার্গেট নিশ্চিত করে। যৌক্তিকভাবে তা এই ভৌগোলিক অঞ্চলে অধিকতর কার্যকরী হবে বলে তাদের আশার।

উক্ত টার্গেটের সম্পূর্ণ কোডিং সিকোয়েন্স যুক্তরাষ্ট্রের এনসিবিআই ভাইরাস ডাটাবেজ-এ জমা দিয়েছেন যা ইতিমধ্যেই এনসিবিআই কর্তৃক স্বীকৃত ও প্রকাশিত হয়েছে। গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত ভ্যাকসিনটির বিশদ বিশ্লেষণের পর ল্যাবরেটরি এনিমেল মডেলে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে যথাযথ এন্টিবডি তৈরিতে সন্তোষজনক ফলাফল পেয়েছেন বলে তাদের দাবি।

প্রতিষ্ঠানটির আরএনডি ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ বলেন, ‘আমরা কাজ শুরু করার পর প্রাথমিকভাবে সফল হয়েছি। এনিমেল মডেলে সফল হয়েছে। এখন আশা করি মানবদেহেও সফলভাবে কাজ করবে। আমরা বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোয় যাব। এরপর তাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী পর্ববর্তী ধাপগুলো সম্পন্ন করবো৷’

গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, ‘টিকাটির সুরক্ষা ও কার্যকারিতা নিরীক্ষার লক্ষ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য কাজ করে যাচ্ছি। এর সুরক্ষা ও কার্যকারিতা পরীক্ষায় সরকারের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।’ তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) গ্লোব বায়োটেক লিমিটেড কোভিড -১৯-এর টিকা আবিষ্কার নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, ‘আমাদের এখনো এমন কিছু জানানো হয়নি। তারা বিষয়টি অফিসিয়ালি চিঠি দিয়ে জানাবে। এরপর আমরা সেটা দেখব।’

গ্লোব বায়োটেক লিমিটেডের সিইও ড. কাকন নাগ এবং সিওও ড. নাজনীন সুলতানার তত্ত্বাবধানে ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্লোব বায়োটেক২০১৫ সালে ক্যানসার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন ডিজিজসহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বায়োলজিক্স, নোভেল ড্রাগ এবং বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্যে যাত্রা শুরু করে।