আপডেট: অক্টোবর ১৩, ২০১৯

আপডেট:

আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা। গুরুতর আহত আওয়ামী লীগের ওই নেতাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহতের ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে।
জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি দিগপাইত ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হক (৪৫)’র অভিযোগ, শনিবার বিকালে তার চার বছরের শিশু পুত্র সিফাতকে সাথে নিয়ে ছোনটিয়া বাজারে যান। বাজারে পৌছার পর দিগপাইত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন(কসাই) তার উপর অতর্কিত হামলা চালায়। এরপর লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে আয়নালের ডান হাত, ডান হাতের বৃদ্ধাঙ্গলি ভেঙ্গে দিয়েছে। পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান জানান, তিনি ঘটনা জানার পর পরই আওয়ামী লীগ নেতা আয়নালকে হাসপাতালে দেখতে যান। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং হামলাকারীর শাস্তি দাবি করেন।
আহত আওয়ামী লীগ নেতা মোঃ আয়নাল হকের ভাতিজা আনোয়ার হোসেন বলেন, তার চাচাকে স্বেচ্ছাসেবক লীগ নেতা নামধারী সন্ত্রাসী শেখ আল আমিন উরফে কসাই আলামিন নির্মমভাবে প্রহার করেছে। আল আমিন (কসাই) এর বিরুদ্ধে স্থানীয় একটি ইটভাটায় চাঁদা দাবির ঘটনাসহ একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
দিগপাইত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন (কসাই)এ অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ নেতা তাকে দেখেই অশ্লীলভাবে গালমন্দ শুরু করেন। এক পর্যায় লাঠি হাতে তুলে নিলে তার চাচা লাঠিটি কেড়ে নেয়। কোন মারধরের ঘটনা ঘটেনি।