আপডেট: জানুয়ারি ২৫, ২০১৯

আপডেট:

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ী বাজারে পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের উপরে বসছে ধানের বাজার। ব্যস্ততম এই মহাসড়কে সপ্তাহের দুই দিন বসা এ ধানের বাজারের মধ্য দিয়েই চলে যানবাহন। এর ফলে পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এজন্য খোঁচাবাড়ী এলাকায় প্রায়ই ছোট-খাটো দুর্ঘটনা ঘটে।
ওই বাজার থেকে সরকার বছরে ৮০ লাখ টাকা রাজস্ব পেলেও মহাসড়ক থেকে বাজারটি সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। শনিবার ও মঙ্গলবার সকালে বাজারটি শুরু হয়। সারাদিন বাজার চললেও সকালে বেশি যানজটের সৃষ্টি হয়। কারণ সুগন্ধি ধানের বিক্রির জন্য জেলার একমাত্র বাজার খোচাবাড়ী। অন্য জেলা থেকেও ব্যবসায়ীরা প্রতি হাটে এখানে ধান কিনতে আসেন।
মঙ্গলবার খোঁচাবাড়ী বাজারে গিয়ে দেখা গেছে, স্বল্প পরিমাণ জায়গাতে কোটি টাকার কেনাবেচা হচ্ছে। জায়গার অভাবে স্থানীয় ও অন্য জেলা থেকে আগত ব্যবসায়ীরা ধান কিনে মহাসড়কের পাশে স্তূপ করে রাখছেন। আর চাষীরাও ধানের বস্তা সড়কের উপরে রেখে বিক্রি করছেন। সড়কের মাঝখান দিয়ে সরু পথ করে চলছে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন।
৮ম শ্রেণীর স্থানীয় এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন সকালবেলা এই বাজারের মধ্য দিয়ে স্কুলে যেতে হয়। হাটের দিন হাঁটার সময় প্রায়ই ভ্যান বা অটোরিকশা গায়ে উঠিয়ে দেয়। সেজন্য খুব সাবধানে রাস্তা পার হতে হয়। বাজারে ধান বিক্রি করতে আসা এক চাষী বলেন, জায়গা না থাকায় রাস্তার উপরে ধান নামিয়ে রাখছি। হাটের জায়গা না থাকলে কই রাখব?
হানিফ নামের এক ড্রাইভার বলেন, সকালবেলা খোঁচাবাড়ী বাজার পার হতে অনেক সময় লাগে। তাছাড়া খুব সাবধানে গাড়ি চালাতে হয়। খোঁচাবাড়ী বাজারের ইজারাদার গনেশ রায় বলেন, আশপাশে জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে রাস্তার উপরে ধানের বাজার বসাতে হচ্ছে। সকালবেলা কিছুটা যানজট থাকলেও দুপুরের আগেই তা কমে যায়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, সাধারণ মানুষের ঝুঁকি ও যানজট কমাতে এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।