আপডেট: মার্চ ২৬, ২০১৯

আপডেট:

চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে ধূলাঝড়ে নাকাল অবস্থা দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়েছে এ ঝড়। বিকেল পৌণে চারটার দিকে এ প্রতিবেদন লিখার সময়ও ঝড় ছিলো। এর ফলে বাতাসের সঙ্গে ধূলা উড়ছে। ধূলার কারণে রাস্তায় চলা-চলের সময় ভোগান্তিতে পড়ছেন পথচারিরা।
সকাল থেকে জেলাজুড়েই আবহাওয়ার এ বিরূপ দেখা যায়। বাতাসের কারণে সকাল থেকে রৌদের তেমন প্রভাব বা গরম ছিলো না। তবে ধূলাঝড়ে রাস্তা ও বাড়িঘরে বালুর আস্তরণ পড়ে।
ধূলিঝড়ের সাথে শুরু হয়েছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। বিদ্যুৎ আসলেও বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না।
শহরের প্রফেসর পাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, এভাবে দীর্ঘক্ষণ ধূলাঝড় এর আগে কখনো দেখিনি। ঝড়ের কারণে ঘর-বাড়িও ধূলার আস্তরণ পড়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বলেন, বাতাসের আদ্রতা ছিলো ৬ থেকে ৭ নটিক্যাল মাইল। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বিদ্যুৎ অফিসের তত্বাবধায়ক প্রকৌশলী বলছে, বাতাসের কারণে গাছের ডাল তারের সঙ্গে লাগছে। তাই বিদ্যুৎ থাকছে না। আমাদের কর্মীরা কাজ করছে।