আপডেট: এপ্রিল ২৭, ২০১৯

আপডেট:

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সুপার ডিলাক্স এস বি পরিবহনের কুষ্টিয়াগামী একটি বাসে ডিবি পরিচয় দিয়ে ছিনতাই চেষ্টাকালে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এসময় তার সাথে থাকা আরো ৫ জন পালিয়ে যায়। আটক ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশুলিয়ার ডেন্ডাবর পল্লিবিদ্যুৎ এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে আবু তালেব । তিনি ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে অবসরে আসেন।কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ওই বাসটি আশুলিয়া এলাকায় পৌছালে দুইটি মাইক্রবাস দিয়ে বাসটিকে থামিয়ে ডিবি পরিচয়ে ৫জন লোক ওই গাড়িতে উঠে। এসময় কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী বলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন তারা। পরে গাড়ির চালক ও সুপারভাইজার তাদের পরিচয় জানতে চাইলে ৪ জন গাড়ি থেকে নেমে লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির চালক কৌশলে বাসটিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে এনে থামিয়ে পুলিশকে বিষয়টি জানান। এসময় পুলিশ আবু তালেব নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করে কালিহাতী থানায় নিয়ে আসে।