২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ক্যাম্পাসে বহিরাগতদের মারামারিতে ইবি শিক্ষার্থী আহত

আপডেট: আগস্ট ৪, ২০১৯

  • Facebook Share
ক্যাম্পাসে বহিরাগতদের মারামারিতে ইবি শিক্ষার্থী আহত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে বহিরাগতদের মারামারিতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠের পাশে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম রোকনুজ্জামান রোকন। সে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠের পশ্চিম পাশের ঝোপে বহিরাগত এক প্রেমিক যুগল বসে ছিল। এসময় ক্যাম্পাস পার্শবর্তী শেখপাড়ার ইব্রাহীম খাঁ’র ছেলে আকাশ, এনারুল ইসলামের ছেলে ইমন ও রাজু ড্রাইভারের ছেলে সজিবসহ কয়েকজন বহিরাগত ওই যুগলের ওপর আতর্কিত হামলা চালায়।

তারা প্রেমিককে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারতে থাকে। মারধরের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটকাতে গেলে সেও মারধরের শিকার হয়।  এক পর্যায়ে বহিরাগতদের লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হয়। এতে সে গুরুতর আহত হয়ে পড়লে বহিরাগতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত রোকনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এব্যাপারে আহত রোকন বলেন, ‘ঘটনার সময় আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। তাদের থামাতে গেলে আমার মাথায় লাঠির আঘাত লাগে।’

ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে মারধরকারীদের পরিচয় সংগ্রহ করেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান বলেন, ‘হামলাকারীদের পরিচয় সংগ্রহ করা হয়েছে। আমরা তাদের বাসায় লোক পাঠিয়ে তাদের বাবা মা কে ডেকে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম ঠেকাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও তা কোনোভাবেই কমছে না। বারবার ক্যাম্পাসে  নানা অঘটন ঘটাচ্ছে স্থানীয় বহিরাগতরা।