আপডেট: আগস্ট ৫, ২০১৯

আপডেট:

সামিউল্লাহ,কোতয়ালী (ঢাকা) থানা প্রতিনিধিঃতিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলেছেন বিরাট কোহলি। তাও আবার সতীর্থদের নজরকাড়া পারফরম্যান্সে। কারণ টি-টোয়েন্টির বাইশ গজে এখনও কোহলিচিত ব্যাটিংয়ের সাক্ষী থাকতে পারেননি দর্শকরা। তাতে কী? ম্যাচ যার, সেই রাজা। আর এই হিসেবে এক ম্যাচ বাকি থাকতেই ফ্লোরিডায় রাজত্ব করছে কোহলির টিম ইন্ডিয়াই। আগে ব্যাট করে রোহিতের ৫১ বলে ৬৭ রানের সৌজন্যে ৫ উইকেটে ভারত স্কোরবোর্ডে তোলে ১৬৭ রান। কোহলি ২৮ ও শিখর ধাওয়ান ২৩ রান করেন। রান তাড়া করতে নেমে বৃষ্টি শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজকে থামতে হয়েছে ১৫.৩ ওভারে ৪ উইকেটে ৯৮ রানে। ফলে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত ২২ রানে জয় তুলে নেয়।
সিরিজের প্রথম ম্যাচে বেশ কষ্ট করেই জিততে হয়েছিল ভারতকে। ২৪ ঘণ্টা না কাটতেই ফের লড়াই শুরু হয়েছিল।রোববার (৪ আগস্ট) তো টিম ইন্ডিয়ার সামনে ছিল সিরিজ জয়ের হাতছানি। এমন পরিস্থিতিতে যে ক্যারিবিয়ানরা ছেড়ে কথা বলবেন না, সেটাই প্রত্যাশিত ছিল। হয়েছেও তাই। ব্রেথওয়েটরা সিরিজ রক্ষা করতে পারলেন না ঠিকই, তবে শেষ পর্যন্ত লড়ে গেলেন। তবে বৃষ্টিই ভিলেন হয়ে দাঁড়াল। ডাকওয়ার্থ লুইস নিয়মেই হার মানতে হলো ক্যারিবিয়ানদের।
এদিন অধিনায়ক কোহলির পাশাপাশি নিরাশ করছেন ধোনির উত্তরসূরি ঋষভ পন্থও (৪)। বরং বিশ্বকাপের পর একই ছন্দে রয়েছেন রোহিত শর্মা। দলের ভিত তৈরি করে দিলেন তিনিই। শুধু তাই নয়, এদিন তিনটি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিকও হয়ে গেলেন ভারতীয় দলের হিটম্যান। পেছনে ফেলে দিলেন ক্রিস গেইলকে। যাঁর ঝুলিতে রয়েছে ১০৫টি ছক্কা। শনিবারই জোড়া ছক্কা মেরে কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিলকে (১০৩) টপকে গিয়েছিলেন। এদিন ছাপিয়ে গেলেন গেইলকেও। টি-টোয়েন্টি রোহিতের পাশে জ্বলজ্বল করছে ১০৭টি ছক্কা। তাঁর সৌজন্যে স্কোরবোর্ডে রানটা সন্তোষজনক হওয়াতেই জয়ের মুখ দেখল ভারত।
তবে ভারতীয় বোলিং নিয়ে কোনও প্রশ্ন তোলা যাবে না। তরুণ থেকে অভিজ্ঞ, হাত ঘুরিয়ে প্রত্যেকেই নিজের সেরাটা উজার করে দিচ্ছেন। বর্তমান ভারতীয় দলের দিকে তাকালে, ব্যাটিংয়ের থেকে কয়েক গুণ এগিয়ে রাখতেই হবে বোলিং বিভাগকে। এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পুরান ও পোয়েলের গুরুত্বপূর্ণ উইকেট দুটি নেন ক্রুণাল পাণ্ডিয়া। একটি করে উইকেট পান ভুবনেশ্বর ও ওয়াশিংটন সুন্দর। সিরিজ জিতে যাওয়ায় মঙ্গলবারের ম্যাচটা নেহাতই নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছোট ফরম্যাটের কোনও ম্যাচকেই হালকাভাবে নিতে চাইছে না টিম ইন্ডিয়া। তাই শেষ ম্যাচেও জয়কেই পাখির চোখ করবেন কোহলিরা, সেটাই স্বাভাবিক।