২৪, নভেম্বর, ২০২০, মঙ্গলবার | | ৮ রবিউস সানি ১৪৪২

স্বাগতিকদের সঙ্গে টাইগার যুবাদের শ্বাসরুদ্ধকর ‘টাই’

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • Facebook Share
স্বাগতিকদের সঙ্গে টাইগার যুবাদের শ্বাসরুদ্ধকর ‘টাই’

সামিউল্লাহ,কোতয়ালী (ঢাকা) থানা প্রতিনিধিঃআগেই নিশ্চিত হয়েছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। শেষ দুই ম্যাচ তাই বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের জন্য স্রেফ নিয়মরক্ষার। তাই বলে ম্যাড়ম্যাড়ে কোনো ম্যাচ হয়নি ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে। শেষ বলের রোমাঞ্চে শ্বাসরুদ্ধকর এক টাইয়ে শেষ হয়েছে টাইগার যুবাদের সপ্তম ম্যাচ।ম্যাচের নায়ক হতে পারতেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। অপরাজিত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন জয়ের বন্দরে। কিন্তু ম্যাচের শেষ বলে প্রয়োজনীয় ৩ রান নিতে পারেননি তিনি। দৌড়ে ২ রান নেয়ায় টাই হয়ে যায় ম্যাচটি।আগে ব্যাট করে জর্ডান কক্সের অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ডের যুবারা। জবাবে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ৬ উইকেট হারিয়ে ঠিক ২৫৬ রানেই। ফলে টাইয়ে শেষ হয় ম্যাচ।
২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে বাংলাদেশ। দ্রুত রান উঠলেও, উইকেট পড়তে থাকে সমান তালে। ইনিংসের ১২তম ওভারে ৬১ রানের মধ্যে তিন ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ার তানজিদ হাসান ২৩, পারভেজ ইমন ১২ এবং মাহমুদুল জয় ৯ রান করে আউট হন।তবে চতুর্থ উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় বাংলাদেশ। শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ১৪০ রানের জুটি গড়েন সেঞ্চুরিয়ান তৌহিদ। শাহাদাত আউট হন ৭৬ রান করে। তৌহিদ টিকেছিলেন শেষপর্যন্ত। কিন্তু শেষ ওভারে প্রয়োজনীয় ৯ রান করতে না পারায় জয় পায়নি বাংলাদেশ। ১০৪ রান করে অপরাজিত ছিলেন তৌহিদ।