আপডেট: আগস্ট ৮, ২০১৯

আপডেট:

ফুটবলে এটা খুব পুরনো কিন্তু প্রচলিত নিয়ম। দলকে সাফল্য না এনে দিতে পারলেই চাকরি হারানো অবধারিত। ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপের পরে সেই পথে হেঁটেছে অধিকাংশ ক্রিকেট খেলুড়ে দলও। কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে না পারায় চাকরি হারিয়েছে বেশকিছু কোচরা। এর ফলে বিশ্বক্রিকেটে বেকার হয়ে পড়েছেন অধিকাংশ কোচ।
এত বেকার কোচ থাকার পরেও হন্যে হয়ে কোচ খুঁজছে বিসিবি। স্টিভ রোডসের সাথে সম্পর্কচ্ছেদের পর থেকে মনের মতন কোচ খুঁজে পাচ্ছে না টাইগার আভিভাবকরা।
ভারতের বিশ্বকাপ ব্যর্থতার পর গুঞ্জন উঠেছিল রবি শাস্ত্রির চাকরি খোয়ানো নিয়ে। তবে পুরনো কোচ নিয়েই ক্যারিবীয় সফরে গিয়েছে ভারত। যদিও প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বের সবথেকে ধনী এই বোর্ড। সেক্ষত্রে বাংলাদেশের কোচ নিয়োগের অনেকটাই ঝুলে আছে ভারতের উপরে।
চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। বিসিবি তাঁকে ফিরিয়ে আনতে পারে, এমন গুজব রয়েছে দেশের ক্রিকেট মহলে। হাথুরুসিংহে শ্রীলঙ্কা দলের দায়িত্বে থাকতেই এ গুজব উঠেছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তাঁর সঙ্গে চুক্তি বাতিল করায় ব্যস্ততা আর থাকার কথা নয় বাংলাদেশের সাবেক এ কোচের।
পাকিস্তানও হেঁটেছে একই পথে। বিশ্বকাপে জাতীয় দল ভালো করতে না পারায় কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এ প্রোটিয়ার। এ ছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংসেরও কোচ ছিলেন আর্থার। বাংলাদেশের ক্রিকেট নিয়েও একেবারে কম ধারণা নেই তাঁর। ২০১৫ বিপিএলে তাঁকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ঢাকা ডায়নামাইটস।
বিশ্বকাপের ব্যর্থতা কোচ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে দক্ষিণ আফ্রিকাকেও। রোববার প্রোটিয়াদের প্রধান কোচের চাকরি হারান ওটিস গিবসন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ পেস অলরাউন্ডার কত দিন ফাঁকা থাকবেন সেটি একটি প্রশ্ন। কারণ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। আগামী মাসে ইংল্যান্ড কোচের পদ ছাড়বেন ট্রেভর বেলিস। তাঁর জায়গায় গিবসনের কাঁধে দায়িত্ব তুলে দিতে দিতে পারে ইসিবি। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
বেলিসের সঙ্গে যোগাযোগ করে অবশ্য কোনো লাভ হবে না বিসিবির। আগামী বছর থেকে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব নেবেন বেলিস। আর সানরাইজার্সের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন টম মুডি। শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের খবর, দেশটির জাতীয় দলের কোচ পদে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন এ অস্ট্রেলিয়ান। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমও জানিয়েছে, মুডি ভারতে কোচ পদেও আবেদন করেছেন। যদিও দেশটির সংবাদমাধ্যমে জোর গুজব চলছে, বর্তমান কোচ রবি শাস্ত্রী টিকে যেতে পারেন আরও দুই বছর মেয়াদে। অর্থাৎ মুডিকে ফাঁকা পাওয়া যেতে পারে। কারণ শ্রীলঙ্কান সংবাদমাধ্যম জানিয়েছে, মুডিকে ফেরানোর ব্যাপারে অনাগ্রহ আছে এসএলসির কিছু অফিশিয়ালের।
বিশ্বকাপের পর আফগানিস্তান কোচের দায়িত্ব ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ফিল সিমন্স। আপাতত গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যস্ত থাকলেও বাংলাদেশ দলের কোচ হওয়া তাঁকে আগ্রহী করে তুলতে পারে। তবে বড় কোনো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা (জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের কোচ ছিলেন) না থাকায় বিসিবি তাঁর ব্যাপারে আগ্রহী নাও হতে পারে। সে ক্ষেত্রে ক্রেগ ম্যাকমিলান সিমন্সের চেয়ে এগিয়ে। পাঁচ বছর নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ছিলেন ম্যাকমিলান। বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ায় এখন অবসর সময় কাটছে তাঁর।
এত কোচের ভিড়েও কোচহীন টাইগাররা। এ মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে কোচ পাওয়া না গেলে আবারো অন্তর্বতী কোচ নিয়ে খেলতে হতে হবে বাংলাদেশকে।