আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) নির্বাচনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি মোঃ আব্দুল হালিম মিঞা’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এ ঘোষণা দেন। ফলে আগামী একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে কোনো বাধা রইলো না।
গত বুধবার (২৮ নভেম্বর) বিকেলে স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মীসহ কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাতে মনোনয়নপত্র দাখিল করেন ধানের শীষের এই প্রার্থী।
এর আগের দিন ২৭ নভেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে মনোনয়নের চিঠি নেন মোঃ আব্দুল হালিম মিঞা।
গত ১৩ নভেম্বর টাঙ্গাইল-৪ (কালিহাতী) নির্বাচনী আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোঃ আব্দুল হালিম মিঞা। ১৫ নভেম্বর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠুি হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।’
তিনি বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে। দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তাই সমস্ত দেশবাসীর মতো কালিহাতীবাসী ও গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি জন্য ধানের শীষে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।