আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৯

আপডেট:

বরগুনা : বেতাগী উপজেলায় ইলিশ শিকারকে কেন্দ্র করে বিরোধে এক জেলে নিহত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ঝোপখালি গ্রামের বিষখালী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন (৩৫) উপজেলার ঝোপখালি এলাকার মনির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, বিষখালী নদীতে জাল ফেলে ইলিশ শিকার নিয়ে বাবুলের সাথে রিপন নামের অপর এক জেলের বিরোধ হয়। এ নিয়ে রিপন ও বাবুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন বৈঠা দিয়ে বাবুলের মাথায় আঘাত করলে সে নদীতে পরে যায়। সেখানে উপস্থিত অন্য জেলেরা বাবুলকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও অভিযুক্ত রিপন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।