আপডেট: অক্টোবর ৪, ২০১৯

আপডেট:

কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। পাঁচ কার্যদিবসের মধ্যে তার নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ সব পাঠাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট।
রাজধানীতে ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় এর আগেও কয়েকজন যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। অনেকের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। ফ্রিজ করা হিসাব থেকে টাকা উত্তোলন ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
এর আগে, ওমর ফারুক চৌধুরী বলেছিলেন, যুবলীগের ঢাকা দক্ষিণের এক নেতার ব্যবস্থাপনায় ক্যাসিনো থাকার অভিযোগ আমাকে কেউ জানালে আগেই ব্যবস্থা নিতাম। আইনশৃঙ্খলা বাহিনী যদি আগেই জানতো, তাহলে আমাদের আগেই জানাতে পারতো। আমরা রাজনৈতিকভাবে বিষয়টি দেখতাম।
ওমর ফারুক চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি বলছেন ‘৬০টি ক্যাসিনো আছে। আপনারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) এত দিন কি আঙুল চুষছিলেন? যে ৬০ জায়গায় ক্যাসিনো ছিল ওই ৬০ জায়গার থানাকে অ্যারেস্ট করা হোক। সে ৬০ জায়গায় যে র্যাব ছিল তাদের অ্যারেস্ট করা হোক। আমাকে অ্যারেস্ট করবেন? করেন। আমি রাজনীতি করি। একশোবার অ্যারেস্ট হবো। আমি রাজি। আমি অন্যায় করেছি, আপনারা কী করেছেন? আপনি অ্যারেস্ট করবেন, আমি বসে থাকব না। আপানদেরও অ্যারেস্ট হতে হবে। কারণ আপনারা প্রশ্রয় দিয়েছেন।