আপডেট: অক্টোবর ৫, ২০১৯

আপডেট:

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পূজার ছুটিতে বন্ধুদের সাথে নিয়ে বাড়িতে বেড়াতে এসেছিল মুন্না। সকালে গ্রামের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে গ্রামের পাশে ভারত সীমান্তের শাখা যমুনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গেলো মুন্না। দূর থেকে বন্ধুরা অসহায় হয়ে দেখেছে- তার বন্ধু মুন্না চোখের সামনেই নদীতে স্রোতের টানে তলিয়ে যাচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার কাটলা ইউপি সংলগ্ন ঘাসুড়িয়া সীমান্তের পিলার ২৮৮/৮এস ২০ গজ পশ্চিমে ভারতের অভ্যন্তরে শাখা যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মারুফ আহমেদ মুন্না (১৮) উপজেলার নন্দীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। সে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি’র ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের ছাত্র।
মুন্নার সাথে গোসল করতে আসা সহপাঠী ইভান মুঠোফোনে জানান, সকাল সাড়ে এগারোটায় ১১ জন বন্ধু মিলে নদীতে গোসল করতে নামি। পরে, আমরা সবাই সাঁতার কেটে নদীর পূর্বপাড় থেকে পশ্চিম পাড়ে যেতে নদীর মাঝখানে গিয়ে মুন্না সাঁতারের শক্তি হারিয়ে ফেলে। সে তখন চিৎকার দিলে তাকে উদ্ধার করতে গিয়ে আমিও নদীতে ডুবে গেলে আমার নাকে-মুখে পানি ঢুকলে আমিও শক্তি হারিয়ে ফেলি। পরে, মুন্না নদীর তীব্র স্রোতের মধ্যে তলিয়ে যায়। বন্ধুরা সবাই অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বাড়িতে খবর দেই’।
পরিবারের লোকজন বিজিবি ও রংপুর ফায়ার সার্ভিস ডুবুরী দলকে সংবাদ দিলে তারা টানা দুই ঘন্টা অনুসন্ধান চালিয়ে মুন্নাকে উদ্ধার করতে ব্যর্থ হন।
ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্পের কমাণ্ডার নায়েক সুবেদার বেলাল হোসেন জানান, জয়পুরহাট-২০ ব্যাটেলিয়ানের অধিনায়ক মহোদয়ের পরামর্শে ভারতের বিএসএফ এর সাথে কথা বলে মৌখিক অনুমতি নিয়ে ডুবুরীদের দ্বারা ২ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ মুন্নাকে পাওয়া যায়নি।