আপডেট: নভেম্বর ২, ২০১৯

আপডেট:

আরিফুর রহমান আরিফ ঝালকাঠি প্রতিনিধি \ নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন সম্পর্কে জনসাধারণকে জানাতে গতকাল ঝালকাঠিতে জনসচেতনতা মূলক সভা করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। সকাল ১১ টায় কৃষ্ণকাঠি পেট্রলপাম্প মোড়ে অনুষ্ঠিত সভায় মোটরযান চালকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, আপনারা সকলে ট্রাফিক আইন মেনে চলবেন, তাহলে কাউকে আর মামলা নেয়া বা জরিমানা দিতে হবে না। আপনি সচেতন হলে পুলিশও আপনার কাছ থেকে জরিমানা আদায়ের সুযোগ পাবেনা। পুলিশ কখনোই মামলা দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলতে চায় না। আপনাদের সচেতন করতেই আগের আইন আরো কঠোর করা হয়েছে, কাউকে বিপদে ফেলতে এ আইন করা হয় নাই। দেশে আইন যতো কঠোর হবে অপরাধও ততো কম হবে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, আন্তজেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, সদর থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ আবু তাহের মিয়া, সদর থানার ইন্সপেক্টর মুরাদ আলী, ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মামুন হোসেন, , ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাবিবুর রহমান ও আদেল আকবর প্রমুখ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি বলেন, আইন আইনের গতিতেই চলবে, আমরা আইন রক্ষা করবো। আলোচনা সভা শেষে বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে তিনি চালকদের কাগজপত্র যাচাই করেন এবং বর্তমান আইন মেনে চলতে সচেতন হবার আহ্বান জানান।