২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

লবণের গুজব ঠেকাতে ছাত্রলীগের মহড়া এবং ভ্রাম্যমান অভিযান পরিচালনা

আপডেট: নভেম্বর ১৯, ২০১৯

  • Facebook Share
লবণের গুজব ঠেকাতে ছাত্রলীগের মহড়া এবং ভ্রাম্যমান অভিযান পরিচালনা

চৌগাছা প্রতিনিধি : গুজবের কারণে মঙ্গলবার বিকেলে চৌগাছায়  ২৮ টাকা দামের এক কেজি লবণ বিক্রি হয়েছে ৬০ টাকায়। সন্ধ্যায় ৬০ টাকারও বেশি দরে বিভিন্ন দোকানে লাইনে দাঁড়িয়ে লবণ কিনতে দেখা গেছে ক্রেতাদের। এই দিকে গুজব ঠেকাতে চৌগাছা উপজেলা ছাত্রলীগের নেতা এইচ এম ফিরোজ ও রুবেল হোসেনের নেতৃত্বে পৌর শহরে প্রধান প্রধান দোকানে লবণ সিন্ডিকেট ভেঙ্গে দিতে এবং দোকানীদের বেশি দামে বিক্রয় থেকে বিরত থাকতে ও ক্রেতাদের বেশি দামে না কেনার অনুরোধ করে। পরে তারা উপজেলা প্রশাসনের সহযোগীতা নিয়ে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান অভিযান পরিচালনায় সহযোগীতা করেন। সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, ভূমি কমিশনার নারায়ন চন্দ্র পাল, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবের নেতৃত্বে শহরের প্রধান প্রধান ব্যবসায়ীর দোকানে এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় লবন বেশি দামে বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলেও প্রথম দিনকার মতো সতর্ক বাণি দিয়ে ছাড় দেন। এসময় বলেন আগামীকাল থেকে লবন একটাকা বেশি দামে বিক্রয় করলে সেই ব্যবসায়ীর দোকান সিলগালা করে দেওয়া হবে। এই অভিযানের সময় গণমাধ্যম কর্মী অমেদুল ইসলাম, মুকুরুল ইসলাম মিন্টুসহ প্যানেল মেয়র শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। রাত সাতটা পর্যন্ত একঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। অবশ্য এই গুজবের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষে সারা শহরে মাইকিং করে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। 
ছাত্রনেতাদের দাবি, লবণের কোনো সংকট নেই। ব্যবসায়ীরা হঠাৎই গুজব ছড়িয়ে ফায়দা লুটছে। এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এদিকে, ‘লবণের দাম বেড়েছে’ বলে গুজব ছড়িয়ে বেশি মুনাফার লোভে উপজেলার বিভিন্ন কোম্পানির ডিলাররা হঠাৎই লবণ বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে আরো বেশি লবণ কেনার হিড়িক দেখা গেছে। কয়েকজন ব্যবসায়ী বলেন, তারা শুনেছেন ঢাকায় কেজিপ্রতি লবণ বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকা দরে। শহরের মুদি ব্যবসায়ী শাহিনুর রহমান বলেন, ‘আমার দোকানে যে লবণ ছিল তা দুপুরেই বিক্রি হয়ে গেছে। এখন শুনছি প্রতি কেজি ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।’
শহরের জয়নাল স্টোরের সামনে ক্রেতাদের লাইনে দাঁড়িয়ে লবণ কিনতে দেখা যায়। এসময় আমির হোসেনসহ কয়েকজন ক্রেতা জানান, বাজারে অধিকাংশ দোকানে ২৬ টাকার লবণ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লবণের বাজারও পেঁয়াজের মতো হতে পারে আশঙ্কায় আগে ভাগেই কিছু কিনে রাখছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, ‘আমার উপজেলায় লবণের কোনো সংকট নেই। বেশি দামে বিক্রির বিরুদ্ধে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।’ এদিকে ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে।  আর এই উন্নয়ন কে বিতকৃত  করতে এক শ্রেণীর মানুষ গুজব সৃষ্টি করছে।  তবে চৌগাছায় কোন গুজবকারীকে ছাড় দেওয়া হবে না।  আমরা উপজেলা প্রশাসনের সহযোগীতা নিয়ে বাজারে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিতে চাই।