২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিজিটাল সেবার উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২০

  • Facebook Share
সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিজিটাল সেবার উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ   

দেশের অন্যতম সোনাম ধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সোনারগাঁও ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাস অডিটোরিয়ামে এই সেবার উদ্বোধন করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম।

ডিজিটাল সেবা উদ্বোধন শেষে আব্দুল আলিম বলেন, জীবনে যে কোনো একটি লক্ষ্য নিয়ে এগোতে হবে। নিজের কাজের প্রতি সচেতনতা বাড়াতে হবে। আর যে কোনো একটা কাজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। বিভিন্ন বিষয় নিয়ে জানতে হবে।

প্রযুক্তি সম্পর্কে আব্দুল আলিম বলেন, আগামীতে যত দিন যাচ্ছে ততই প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে। তাই নিজের জায়গা থেকে প্রযুক্তি নিয়ে আরও বেশি করে ভাবতে হবে এবং জানতে হবে। প্রযুক্তির সাথে টেক্সটাইলের সমন্বয় বাড়াতে হবে। ফেসবুকের ভালো-মন্দ দুটি দিকই বিদ্যমান। মন্দটা ফেলে ভালোটা গ্রহণ করে এর থেকে শিক্ষা অর্জন করতে হবে।

সময়ের সদ্ব্যবহার সম্পর্কে ‘এসইউ’র বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কেননা যে সময় একবার চলে যায় সেটি আর ফিরে পাওয়া যায় না।

তিনি বলেন, সব কাজের পাশাপাশি ইসলামের সকল দিক মাথায় রাখতে হবে। শুধু ইহকালের চিন্তা মাথায় রাখলেই হবে না, পরকালের চিন্তাও করতে হবে এবং পরকালের জন্য কাজ করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন— সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার, সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ এ. মাবুদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান- সহকারী অধ্যাপক রেজাইল করিম।

এ সময় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার। তিনি বলেন, এখন ডিজিটাল ছাড়া কোনো কিছুই চলবে না। তাই প্রযুক্তির দিকে আরও বেশি নজর দিতে হবে। প্রতিনিয়ত প্রযুক্তি সম্পর্কে জানতে হবে।

বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের যে ডিজিটাল সার্ভিস চালু হলো, এর বহুবিদ ব্যবহার আছে। এই সার্ভিসটি ল্যাপটপে বা মোবাইলে প্রতিদিন চেক করতে হবে। এখানে ঢুকে দেখতে হবে নতুন কোনো নোটিশ আছে কি না। তোমরা অনেক নতুন নতুন জিনিস দেখছ। শুধু নতুন এই জিনিস দেখলেই হবে না। ব্যবহারও করতে হবে।

বক্তব্যে সব ধরনের সহায়তা প্রদানের কথা বলে সোনারগাঁও ইউনিভার্সিটির সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ এ. মাবুদ বলেন, নতুন নতুন কিছু তৈরির জন্য টেক্সটাইল একটি উপযুক্ত ক্ষেত্র। এই ডিজিটাল সেবা চালু রাখা বা এটার তৎপরতা বাড়ানোর জন্য আমার দরজা সব সময় খোলা আছে। আমি প্রয়োজনে ভিসি স্যারের কাছে যাব নয়তো ট্রাস্টিজের কাছে যাব। যে কোনো সমস্যায় যে কেউ আমার দ্বারস্থ হতে পারবে।

ডিজিটাল সেবা নিয়ে বিস্তর আলোচনা করেন সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান- সহকারী অধ্যাপক রেজাউল করিম।

তিনি বলেন, ডিজিটাল সেবার মাধ্যমে কোর্স ম্যাটেরিয়ালস, শিক্ষকদের লেকচারসহ সকল ধরনের কনটেন্ট থাকবে। যাবতীয় নোটিশ থাকবে। আমাদের ইআরপি সফটওয়্যারের মাধ্যমে তোমরা (শিক্ষার্থী) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিজেরাই অপারেট করতে পারবে। এটার প্রক্রিয়া চলছে। এক সময় ইআরপিটাই হয়ে যাবে ডিজিটাল সেবা।

তিনি বলেন, এই সেবার মধ্যে থাকবে ডিজিটাল ক্লাসরুম, প্রত্যেকটি ক্লাসরুমে প্রজেক্টর থাকবে, ব্রডব্যান্ড লাইন থাকবে, থাকবে ওয়াইফাই। আর ডিজিটাল সেবার কাজ করার জন্য সোনারগাঁও ইউনিভার্সিটির ল্যাব সবার জন্য উন্মুক্ত।

ডিজিটাল সেবার এই উদ্বোধনী অনুষ্ঠানে টেক্সটাইল বিভাগের শিক্ষক ছাড়াও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।