২৫, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ৬ মুহররম ১৪৪২

চাঁদপুরে ৫০০ একর জমিতে হচ্ছে ১০০ মেগাওয়াট সোলার প্ল্যান্ট

আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৮

  • Facebook Share
চাঁদপুরে ৫০০ একর জমিতে হচ্ছে ১০০ মেগাওয়াট সোলার প্ল্যান্ট

চাঁদপুর ৫০০ একর জমি হচ্ছে ১০০ মেগাওয়াট সোলার প্ল্যান্ট। বিদ্যুৎ খাতে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জন্য জুলস্ পাওয়ার লিমিটেডের (জেপিএল) সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

সোমবার (২৪ ডিসেম্বর) বেজা’র কার্যালয়ে এ সমঝোতা চুক্তি সই হয়।

এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং জেপিএল এর ব্যবস্থাপনা পরিচালক নূহের লতিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, বেজা কর্তৃপক্ষ জুলস্ পাওয়ার লিমিটেডকে চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে ৫০০ একর জমি বরাদ্দ দেবে। যেখানে প্রতিষ্ঠানটি ১৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ১০০ মেগাওয়াটের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে। প্রতিষ্ঠানটি চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে একটি মাল্টিপারপাস জেটি এবং ৩৭ কিলোমিটার বিস্তৃত ১৩২ কেভির একটি ট্রান্সমিশন লাইন স্থাপন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেপিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বারের পরিচালক নূহের লতিফ খান বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত এবং বেজা’র পক্ষ হতে এ ধরনের সহযোগিতা আমাদের দেশে শিল্প-কারখানা ও ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, সরকার প্রদত্ত পাওয়ার পারচেজ এগ্রিমেন্টস (পিপিএ) এবং ইমপ্লিমেনটেশন এগ্রিমেন্ট (আইএ)-থাকার কারণে এ খাতে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা অধিক, যে কারণে এ খাতে নতুন নতুন বিনিয়োগে উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটিই হবে দেশের সর্বপ্রথম নবায়নযোগ্য সোলার আইপিপি (ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) প্রকল্প।