মোঃআব্দুর রাজ্জাক,চুয়াডাঙ্গা প্রতিনিধি : ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে ১৪ দলের আয়োজনে গতকাল রোববার বিকাল ৩টায় এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থমন্ত্রী, বাংলাদেশ ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন- “পথ হারিয়ে জনবিচ্ছিন্ন ড. কামাল অবশেষে বিএনপি-জামাতের কোলে উঠেছেন। তিনি আরও বলেনজোট করেছেন ভাল কথা, একশ’টা জোট করুন কোনো সমস্যা নাই, তবে দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন না। তা হলে সরকার কঠোর হাতে তা দমন করবে। উনি এখন আওয়ামী লীগের উন্নয়নের ধারা দেখে বিচলিত হয়ে পড়েছেন। উপায়ান্তর না পেয়ে অবশেষে খালেদা জিয়ার আশ্রয়ে যেতে চাচ্ছেন। বয়সের ভারে নুয়ে পড়ে অবশেষে এতিমের টাকা চুরির দায়ে কারাগারে বন্দি খালেদা জিয়ার মুক্তিও চাচ্ছেন। মুখে বলছেন জামাত বা সম্প্রদায়িক শক্তিকে কোনদিনই আমি সমর্থন করি না। অথচ তিনি জামাতের মিত্র, জামাতের অভিভাবক বিএনপিকে নিয়ে শহরে শহরে মিটিং মিছিল করে বেড়াচ্ছেন এটা অবশ্যই একটা ডবল স্ট্যান্ডার্ড। যত চেষ্টায় উনি করেন না কেনো বাংলাদেশের জনগণ ইতোমধ্যেই কামাল হোসেন গংদের চিনে ফেলেছেন। আগামী নির্বাচনে জামাত-বিএনপি গংদের উপযুক্ত জবাব দেবে বাংলাদেশের জনগণ।
স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম জনসভায় উপস্থিত হওয়ার পূর্বেই সদ্য নির্মিত চুয়াডাঙ্গা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে শুভ উদ্বোধন করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জোট করে দেশে বিশৃঙ্খলা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন।’তিনি আরও বলেন, ‘ আমার লজ্জা হয় এই ভেবে যে-ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ স্নেহভাজন ছিলেন, তার মতো এমন একজন আইনজীবী কিভাবে দেশ বিরোধীদের সঙ্গে হাত মেলাতে পারেন।’ আগামী ১০ দিনের মধ্যে দেশে বর্তমান পরিস্থিতির বড় পরিবর্তন আসবে- ড. কামাল হোসেনের এমন বক্তব্যের জবাবে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন এটি ড. কামাল হোসেনদের দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সাথে ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি সহ প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।বিশাল এই জনসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ১৪ দলের সমন্বয়ক, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।বিশাল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বাশার মাইজভান্ডারী এমপি, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিছুর রহমান মল্লিক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, গণ আজাদী লীগের সভাপতি এস.এ সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ সাদাত হোসেন, সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক রেজাউল রশিদ খাঁন, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য এস.এম কামাল হোসেন প্রমুখ।সামগ্রীকভাবে সভাটি সঞ্চাচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান।