১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

সৈয়দপুরের শিশু ওয়াসিফের হার্টে ছিদ্র :: চিকিৎসার জন্য দরকার দেড় লক্ষ টাকা

আপডেট: মার্চ ৩১, ২০১৯

  • Facebook Share
সৈয়দপুরের শিশু ওয়াসিফের হার্টে ছিদ্র :: চিকিৎসার জন্য দরকার দেড় লক্ষ টাকা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
বিখ্যাত কবি ভারতচন্দ রায়ের অন্নদামঙ্গল ক্যাব্যে ঈশ্বর পাটনি মাঝি তার নিজের জন্য নয়, সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন। নিজে যেমনি থাকনা কেনো সন্তানকে সবসময় ভালো রাখতে চেয়েছিলেন। তিনি সন্তানের মঙ্গল কামনা করে বলেছিলেন, আমার সন্তান যেনো থাকে দুধেভাতে। আসলে প্রতেক পিতামাতাই তার সন্তানের ভালো চান। সন্তানকে সবসময় সুস্থসবল দেখতে চান। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মোস্তফা কামাল মনিরও এর ব্যতিক্রম নন। মাত্র দেড় মাস আগে প্রথমবারের মতো পুত্রসন্তানের জনক হয়েছেন। এখন তো তার আনন্দ হওয়ার কথা। সন্তানকে কোলে নিয়ে খেলা করার কথা। কিন্তু তার সেই আনন্দে ভাটা পড়েছে। সবসময় সন্তান হারানোর ভয়ে তিনি আতঙ্কিত থাকেন।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানার বাসিন্দা মোস্তফা কামাল মনির ও শারমিন আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাস দেড়েক হলো। এরমধ্যে ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের নামও রেখেছেন। নাম দিয়েছেন ‘মোস্তফা ওয়াসিফ’।জন্মের পর পরেই ওয়াসিফের হার্টে সমস্যা দেখা যায়। ডাক্তারি পরীক্ষানিরীক্ষা করে জানা যায়, ওয়াসিফের হার্টে ছিদ্র ধরা পড়েছে। সেই সাথে হার্ট নাকি উল্টো হয়ে আছে। কর্তব্যরত চিকিৎসক এমনটাই জানিয়েছেন। এজন্য যতো দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। 
বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এই অপারেশন করাতে আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো লাগবে। তবে সেখানে ঝুঁকি থাকায় মোস্তফা কামাল তার সন্তানকে ভারতে নিয়ে যেতে চান। আর এইজন্য প্রায় সাড়ে তিনলক্ষ টাকা দরকার। যা তার সাধ্যের বাইরে। মোস্তফা কামাল পেশায় একজন বিক্রয়কর্মী। রাজধানীর সুপারমার্কেটের একটি দোকানে কাজ করেন। দিন আনেন দিন খান। বর্তমানে নারায়নগঞ্জে থাকেন। এরই মধ্যে সন্তানের চিকিৎসার পিছনে ৮০,০০০ টাকা খরচ করে ফেলেছেন।
আত্মীয়স্বজনের কাছে ধারাদেনা ও স্ত্রীর গয়না বিক্রি করে কোনরকমে মোস্তফা কামাল দুইলক্ষ টাকা জোগাড় করেছেন। আরো প্রায় দেড় লক্ষ টাকা দরকার। যা তারপক্ষে কোনভাবেই জোগাড় করা সম্ভব না। ওদিকে সন্তান ওয়াসিফের শারীরিক অবস্থা দিনকে দিন অবনতির পথে। তাই তিনি বসে না থেকে এরমধ্যে পাসপোর্টের জন্য আবেদন করেছেন। সেইসাথে সন্তানকে বাঁচাতে দিকবেদিক ছুটে বেরুচ্ছেন। কিন্তু ঘুরেফিরে তার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খায়। কিভাবে এতো টাকা জোগাড় করবেন? কিভাবে সন্তানের জীবন বাঁচাবেন? এসব প্রশ্নের উত্তর তার জানা নেই। চোখের সামনে তিনি তার আদরের সন্তানকে মরতে দেখতে চাননা। তাই অশ্রুসিক্ত চোখে সৈয়দপুরবাসী সহ দেশবাসীর নিকট সহযোগিতা কামনা করেছেন। 
শিশু ওয়াসিফের চিকিৎসার জন্য সহযোগিতা পাঠানোর ঠিকানা :মোঃ মোস্তফা কামাল (মনির)। মহল্লা : হাতিখানা, সৈয়দপুর (লায়ন্স স্কুল এন্ড কলেজের পিছনে), উপজেলা: সৈয়দপুর, জেলা: নীলফামারী, বিকাশ নাম্বার : 01716184158 (অসুস্থ ওয়াসিফের বাবা)