আপডেট: মার্চ ৩১, ২০১৯

আপডেট:

এ,জে সুজন : বিধিমালা ভেঙে কুষ্টিয়ায় একের পর এক নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। পৌরসভা, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের কাছ থেকে এসব ভবনের নকশা অনুমোদনের কথা থাকলেও তা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না।
শুধু তাই নয়, এসব বহুতল ভবনের অনেকটাতেই অগ্নিনির্বাপক ব্যবস্থাও নেই। ত্রুটিপূর্ণ এসব ভবনের কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
কুষ্টিয়া শহরের পুলিশ লাইন এলাকায় বেশকিছু ভবন গড়ে উঠেছে। যেখানে কয়েক বছর আগেও ছিল পুকুর। গত ১০ বছরে কুষ্টিয়া শহরে ৫০টি বহুতল ভবন গড়ে উঠেছে। পৌরসভার একজন কর্মকর্তার অভিযোগ, অনুমোদন নিলেও বিধিমালা মানছেন না নির্মাণ প্রতিষ্ঠান ও ভবন মালিকরা।
এসব ভবনের বেশীর ভাগেরই নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ফায়ার সার্ভিস এ বিষয়ে বারবার তাগাদা দিলেও পদক্ষেপ নেই ভবন মালিকদের।
শহরের এন,এস রোডের পরিমল শপিংমলে অগ্নিনির্বাপকের ব্যবস্থার জোর দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু সেদিকেও কোন কর্ণপাত করা হয়নি।
পরিবেশবিদদের মতে, পরিকল্পিত নগরায়ণ না হলে বিপর্যয় ঘটবে পরিবেশের।
বহুতল ভবন নির্মাণের আগে নকশা অনুমোদন ও গুণগত মান নিশ্চিতে ২০১৩ সালে একটি কমিটি গঠনের নির্দেশ দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কিন্তু আজও তা বাস্তবায়ন না হওয়ায় পার পেয়ে যাচ্ছেন বিধি না মেনে বানানো ভবনের মালিক ও নির্মাণকারী প্রতিষ্ঠান।