৭, জানুয়ারী, ২০১৯, সোমবার | | ২৯ রবিউস সানি ১৪৪০

বাসিয়া নদী এখন বিশ্বনাথের ডাস্টবিন

আপডেট: নভেম্বর ৪, ২০১৮

  • Facebook Share
বাসিয়া নদী এখন বিশ্বনাথের ডাস্টবিন

এস.এ. সাজু, বিশ্বনাথ প্রতিনিধি : বাসিয়া নদী এখন বিশ্বনাথ বাজারের ডাস্টবিনে পরিণত হয়েছে। দুর্গন্ধ, মশা, মাছির জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর। দুর্গন্ধের কারণে বাসিয়া নদী ও ব্রীজের আশেপাশে যাওয়া যায় না। এলাকাবাসী জানান, এখন আর নেই সেই আগের বাসিয়া নদী যে নদীতে নৌকা-ষ্টিমার চলতো মাঝি গান গাইতো, জেলে মাছ ধরতো, বাচ্চারা ঝাকে-ঝাকে নদীতে গোসল করতো। এখন নদী তার যৌবন হারাচ্ছে এইসব ময়লা-আবর্জনা ফেলার কারণে।

ইতিহাস থেকে জানা যায়, নদীমাতৃক বাংলাদেশে আমাদের জীবন, জীবিকা, সভ্যতা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য সবকিছুই গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। নদী বাংলাদেশকে করেছে সুজলা-সুফলা শস্য-শ্যামলা। নদীর সংস্পর্শে প্রাকৃতিক সম্পদে আমাদের দেশ হয়েছে প্রাচুর্যময়। নদীর ইতিবাচক প্রভাব এদেশকে যেমন করেছে সমৃদ্ধ, তেমনি এর নেতিবাচক প্রভাব দেশকে ঠেলে দিচ্ছে মহাসংকটে। নদীর বয়ে আনা পলি ও জল এদেশকে করেছে শস্য শ্যামল।

একসময় যারা নদীতে মাছ ধরতেন, মাঝিমাল্লার কাজ করতেন, নদী তীরের কৃষি জমিতে চাষবাস করে জীবিকা নির্বাহ করতেন, তারা সবাই এখন জীবন-জীবিকার তাগিদে ভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছেন।

এর মূল কারণ নদী ভরাট, নদী দখল, নদী দূষণ ও নদী পাড়ের ফসলি জমিতে অপরিকল্পিত শিল্পকারখানা স্থাপন। নদীর ওপর মানবসৃষ্ট অত্যাচার বন্ধ না হলে এর জন্য ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে সবাইকে।