আপডেট: মে ২, ২০১৯

আপডেট:

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী এগিয়ে আসায় দেশের উপকূলীয় ১৯ জেলায় দুর্যোগ মোকাবিলায় চলছে ব্যাপক প্রস্তুতি। চট্টগ্রাম জেলা প্রশাসন ৬ নম্বর বিপদ সংকেতের পর ফণী মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রাম মহানগরসহ জেলার উপকূলীয় উপজেলাগুলোয় সমুদ্র তীরবর্তী লোকজনকে সরিয়ে নিতে মাইকিং, সাইক্লোন সেন্টারসমূহ প্রস্তুতসহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, “ফণী মোকাবেলায় আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিতে জেলায় দুই হাজার ৭৩৯টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকরা প্রস্তুত আছেন। এছাড়া শুকনা খাবার মজুদ করা হয়েছে। মেডিকেল টিম গঠনসহ অন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “উপকূলীয় উপজেলাগুলোয় বিশেষ করে সন্দ্বীপ, সীতাকুণ্ড, মিরসরাই, আনোয়ারা এলাকায় ইতোমধ্যে মাইকিং চলছে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য। এছাড়া উপকূলীয় উপজেলাগুলোয় পাকা ধান কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।