১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

নতুন কমিটি পেয়ে ইবি ছাত্রলীগের উচ্ছ্বাস, ক্যাম্পাসে আনন্দ মিছিল

আপডেট: জুলাই ১৪, ২০১৯

  • Facebook Share
নতুন কমিটি পেয়ে ইবি ছাত্রলীগের উচ্ছ্বাস, ক্যাম্পাসে আনন্দ মিছিল


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

দীর্ঘদিন পর নতুন কমিটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। শনিবার রাতে কেন্দ্র ঘোষিত নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রোববার ক্যাম্পাসে আনন্দ মিছিল করে তারা ।
জানা যায়, সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন একাডেমিক ভবন প্রদক্ষিণ করে অনুষদ ভবনের নিচে এসে শেষ হয়।
পূর্বের কমিটি দীর্ঘ আট মাসের অধিক সময় স্থগিত থাকায় ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। তাই নতুন ঘোষণায় যেন প্রাণ ফিরে পেয়েছে ইবি ছাত্রলীগ।
নিজ বিভাগের সিনিয়র ভাই শাখা ছাত্রলীগের প্রধান দুই পদে মনোনীত হওয়ায় আনন্দ মিছিলে সরব উপস্থিতি ছিল ইংরেজি ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের। 
এছাড়াও উত্তরবঙ্গ থেকে সভাপতি মনোনীত করায় মিছিলে উচ্ছ্বসিত উপস্থিতি ছিল উত্তরবঙ্গের শিক্ষার্থীদের।
আনন্দ মিছিলের মধ্যদিয়ে অনেকদিন পর নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠে ইবি প্রাঙ্গন। মিছিলে ছাত্রলীগ নেতা লিংকন, সুমন, জুবায়ের, মশিয়ার, গোলাম আজম, ইউসুফসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার রাতে ইবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় ছাত্রলীগ৷ এতে ইংরেজি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী এস এম রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ সেশনের রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়।