আপডেট: আগস্ট ১, ২০১৯

আপডেট:

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ পশু হাটে অজ্ঞান পার্টির কবলে পরে সর্বোস্ব খোয়ালেন হামিদুর রহমান নামে এক কৃষক। বৃহস্পতিবার দুপুরসাড়ে ১২টায় ওই হাটে কুরবানীর গরু কিনতে গেলে তাকে চেতনানাশক খাইয়ে নগদ ১লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি। বর্তমানে তিনি আধুনিক সদর হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, পৌর শহরের মুন্সিরহাট বাগানবাড়ি এলাকার কৃষক হামিদুর রহমান (৬২) কুরবানি উপলক্ষে সদর উপজেলার মাদারগঞ্জ হাটে যান। সেখানে গরু দেখার সময় তাঁকে চেতনানাশক ঔষুধ খাওয়ায় একটি চক্র। তিনি জ্ঞান হারালে তার কাছে থাকা নগদ ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। পরে হাটের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বিকেল পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, ঘটনাটি দুঃখজনক। হামিদুর রহমানের জ্ঞান ফিরলে তার কাছে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কুরবানি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হাটগুলিতে এ জাতীয় অনাকাঙ্খিত ঘটনা বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা করা হবে।