আপডেট: ডিসেম্বর ৫, ২০১৮

আপডেট:

গত শনিবার তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে এক মুসল্লি নিহত হওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করে জুবায়ের সমর্থকরা। বুধবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
উক্ত বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন ধোবাউড়া সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি ও কওমি বোর্ডের সিনিয়র পরিদর্শক মাওলানা আঃ সাত্তার। এ সময় তিনি বলেন, ‘ হকপন্হী তাবলিগ জামাতের কর্মীদের উপর সা’দপন্হীদের হামলায় একজন নিহত ও অনেকে আহত হয়েছে। আমরা সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ এ সময় তিনি ধোবাউড়া উপজেলার তাবলিগের আহত সাথিদের চিকিৎসার জন্য সহায়তা করার ঘোষনা দেন।
এর আগে বিক্ষোভ মিছিল করার উদ্দেশ্যে বিভিন্ন মাদ্রাসা হতে শিক্ষক ও ছাত্ররা এসে ধোবাউড়া দারুল উলুম মাদ্রাসার সামনে জড়ো হয়। পরে প্রশাসনের পরামর্শে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি সমাপ্ত করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় ইসমাইল মণ্ডল (৭০) নামে এক মুসল্লি নিহত হন। রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরেও উভয়পক্ষের সংঘর্ষ হয়।
এ ছাড়া বিমানবন্দর গোলচত্বরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় দুই শতাধিক মুসল্লি আহত হন।