আপডেট: অক্টোবর ২৪, ২০১৯

আপডেট:

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, অগণন মানুষের আদর-ভালোবাসা আমি কোথায় রাখব? আমার তো একটা ছোট্ট হৃদয়। এ ছোট্ট হৃদয়ে আপনাদের ভালোবাসা আমি পরিপূর্ণ করে রাখতে চাই। আমি শুধু দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সবাই প্রার্থনা করবেন, যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের খেদমত করতে পারি। আমি আমার একটা কথা বিশ্বাস করার জন্য আপনাদের অনুরোধ করব। আমি কখনো রাজনীতিতে মিথ্যা কথা বলি না, আমি রাজনীতিতে মিথ্যা আশ্বাসও কখনো দিই না। আমি সুন্দর দিনাজপুর-৬ গড়ে তোলার জন্য যে সংগ্রামে হাত দিয়েছি, আমি জানি আপনারা আমাদের পাশে আছেন। তবে একটা কথা আপনাদের বলতে চাই- রাজনৈতিক দিক থেকে, সাংগঠনিক দিক থেকে, উন্নয়নের দিক থেকে, আমার ভেতরে কারও প্রতি কোনো বিদ্বেষ নেই। সকলের প্রতিই আমার ভালোবাসা আছে। আমি সকল মানুষকে, এমনকি যারা আমার প্রতি নেতিবাচক ধারণা পোষণ করে থাকেন, তাদের প্রতিও আমার কোনো বিদ্বেষ নেই। আমাদের রাজনৈতিক দর্শন, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। এ ব্যাপারে আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি।
দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানি ইউপির চকশুলবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন শিবলী সাদিক এমপি।
এসময় উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, ইউএনও তৌহিদুর রহমান, জেলা পরিষদের সদস্য শাহাজাহান আলী মন্ডল, ওসি তদন্ত মাতিয়ার রহমান, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, প্রকৌশলী আবুল কালাম আজাদ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।