আপডেট: অক্টোবর ২৬, ২০১৯

আপডেট:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২৫ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর সামান্য বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে বিনোদপুর ইউনিয়ন একবরপুর জাব্বার বিশ্বাসটোলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে বিনোদপুর ইউনিয়নের একবরপুর জাব্বার বিশ্বাসটোলা গ্রামের আব্দুস সালামের মেজো ছেলে আব্দুর রাজ্জাককে পিটিয়ে গুরুতর আহত করে একই গ্রামের মফু মন্ডলের ৪ ছেলে বকুল, মামুন, পলাশ ও সুজন।
শুক্রবার জুমার নামাজের পর গুরুতর আহত রাজ্জাককে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত ডাক্তার রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়।
রাজশাহী মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় শনিবার আনুমানিক রাত ২টায় রাজ্জাকের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তিনি জানান, এজাহারভুক্ত ৮ আসামীর মধ্যে সুজন ও ডালিয়া নামের ২জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।