আপডেট: জানুয়ারি ১৫, ২০২০

আপডেট:

সামিউল্লাহ,কোতোয়ালী (ঢাকা)
পাকিস্তানে ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারন নেই। সম্প্রতি পূর্ন নিরাপত্তায় ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকা ক্রিকেট দলের পাকিস্তান সফরের পর তাই অজুহাত তোলার উপায় নেই।
গত বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল এবং নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরেও সে দেশের নিরাপত্তা নিয়ে সন্তুস্টি প্রকাশ করেছে বিসিবি।
তবে ২ ম্যাচের টেস্ট এবং ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে লম্বা সময় অবস্থান করতে ক্রিকেটাররা অনীহা প্রকাশ করায় আপাতত: পাকিস্তানে তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেয়ার পক্ষে অবস্থান ছিল বিসিবি’র। সফরকে সামনে রেখে সরকারী অনুমতির (জিও) প্রয়োজন বাধ্যতামূলক। সেই অনুমতি নিতে যেয়ে পেয়েছে সরকারের পক্ষ থেকে বিসিবি নির্দেশনা।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় পাকিস্তানে সংক্ষিপ্ত সফরের নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের এই আদেশ মেনে ৩ ম্যাচের টি-২০ সিরিজের বাইরে পাকিস্তান সফর সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের সভা শেষে এই সিদ্ধান্তের কথাই জানিয়েছিলেন বিসিবি সভাপতি।
তবে ৪৮ ঘন্টা আগে সংবাদ সম্মেলনে মিডিয়াকে জানিয়ে দেয়া এই অবস্থানে অনঢ় থাকলেও তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন দফা সফরে বেড়ে গেছে ম্যাচ। দ্বি-পাক্ষিক সফর সূচীতে আগে ছিল না ওয়ানডে। নতুন সূচীতে যুক্ত হয়েছে একটি ওয়ানডে ম্যাচ। মঙ্গলবার দুবাইয়ে আইসিসি-বিসিবি-পিসিবি’র ত্রি-পক্ষীয় সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহরের আমন্ত্রনে সাড়া দিয়ে দুবাই সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি এবং পিসিবি চেয়ারম্যান এহসান মানি যোগ দিয়ে এই সমাধানেই উপনীত হয়েছেন। প্রথম দফা সফরে লাহোরে বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২৪,২৫ ও ২৭ জানুয়ারি খেলবে তিনটি টি-২০। এই তিনটি ম্যাচ খেলে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। এর পর রাওয়ালপিন্ডিতে আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট খেলে আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে বাংলাদেশ ক্রিকেট দল পুনরায় সফর করবে পাকিস্তান। ৩ এপ্রিল করাচীতে খেলবে একমাত্র ওয়ানডে। ৫ থেকে ৯ এপ্রিল খেলবে করাচীতে দ্বিতীয় টেস্ট।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান মিডিয়া রিলিজের মাধ্যমে এ তথ্য দিয়েছেন।
পাকিস্তানের মাটিতে সর্বশেষ হোম সিরিজে শ্রীলংকা ক্রিকেট দল করেছে দু’ দফা সফর। বাংলাদেশ সেখানে করবে ৩ দফা সফর।