আপডেট: জানুয়ারি ২৫, ২০২০

আপডেট:

শাহ জাহান, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের পদচারণয় উৎসবমুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। আগামী সোমবার (২৭জানুয়ারি) দুপুর ১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মত এই সমাবর্তন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে অষ্টম ব্যাচ পর্যন্ত ২৮৮৮ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
শুক্রবার (২৪জানুয়ারি) হতে শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজ নিজ বিভাগ হতে গাউন সংগ্রহ করার ঘোষণা দেওয়া হয়েছে। সমাবর্তনের গাউন নিতে ক্যাম্পাসে সমাগম ঘটছে কুবির প্রথম থেকে শুরু করে অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের।
শুক্রবার (২৪জানুয়ারি) উপহার সামগ্রী গ্রহণের প্রথম দিনে ক্যাম্পাসে সাবেকদের উপস্থিতি সকলের নজর কেড়েছে। কেউ সদ্য স্নাতক শেষ করেছেন কেউবা শেষ করেছেন প্রায় একদশক পূর্বে। প্রায় দশকখানেক শেষে দেখা হচ্ছে পুরনো বন্ধু, সিনিয়র -জুনিয়র এবং প্রিয় বিভাগের সাথে।
সমাবর্তনের বার্তা শোনার পর থেকে প্রত্যেকেই মুখিয়ে ছিলেন পুরনো বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠতে। ক্যাম্পাসের পুরনো স্মৃতিগুলো আরো একবার ঝালিয়ে নিতে। যার ফলশ্রুতিতে নিজ বিভাগ হতে উপহার সামগ্রী গ্রহণের পর হাস্যোজ্জ্বল সাবেকদের ক্যাম্পাসের বিভিন্ন অংশে বিভিন্ন উচ্ছ্বসিত অঙ্গভঙ্গিতে ছবি তুলতে দেখা গিয়েছে। সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পদচারণয় প্রাণবন্ত হয়ে উঠেছে কুবি ক্যাম্পাস। সমাবর্তন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্যাম্পাস। অধিকাংশ শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য আগের দিন ক্যাম্পাসে চলে এসেছেন।
সমাবর্তন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের শরিফুল ইসলাম বলেন, দীর্ঘ ১৩ বছর পর যেহেতু সমাবর্তন শুরু হয়েছে আশা করি এর ধারা বজায় থাকবে। আমাদের পরবর্তী ব্যাচগুলোর যেন এভাবে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে থাকতে না হয়। তিনি আরো বলেন কুবি থেকে বের হয়ে যেন শিক্ষার্থীরা ভালো পর্যায়ে গিয়ে এই বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে।
৯ম ব্যাচের মহিউদ্দিন বলেন, সমাবর্তন যেহেতু একবার শুরু হয়েছে আশা করি এর ধারা বজায় থাকবে।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের মহড়া আগামী রবিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তন ভেন্যু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মহড়া অনুষ্ঠিত হবে।