২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

প্রচারণায় সরগরম নির্বাচনী মির্জাপুরে আ’লীগ-বিএনপির মাঠ

আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৮

  • Facebook Share
প্রচারণায় সরগরম নির্বাচনী মির্জাপুরে আ’লীগ-বিএনপির মাঠ

রাজু মিয়া মির্জাপুর, টাংগাইল (প্রতিনিধি) : আর মাত্র ১৫ দিন বাকি। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে। ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর প্রচার-প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ।

গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর দিন ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে বিশাল এক শোডাউন করেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সাংসদ মোঃ একাব্বর হোসেন।

আজ শনিবার ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণার প্রথম দিনে মির্জাপুরে উপজেলা সদরের হাট-বাজারে নেতা-কর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে গণসংযোগ করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এদিকে প্রার্থীদের ব্যানার, পোস্টার ও মাইকিংয়ে নির্বাচনী আমেজ আর মাঠের উত্তাপ ছড়িয়ে পড়েছে সাধারণ ভোটারদের মাঝে। প্রতিদিনই বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দলীয় প্রতীকে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরাও পিছিয়ে নেই, ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি।

এবারের নির্বাচনে বিভিন্ন দলের মোট প্রার্থী ৬ জন প্রার্থী ভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগ ও বিএনপি ছাড়া জাপা সহ অন্যান্য দলের প্রার্থীর পক্ষে তেমন কোন প্রচারণা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সকল প্রার্থীর প্রচারণা বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রধান দুই দলের পাশাপাশি লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ জহিরুল ইসলাম জহির, খেলাফত মজলিস থেকে দেয়াল ঘড়ি প্রতীকে সৈয়দ মজিবর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মোঃ শাহিনুর ইসলাম ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে বাঘ প্রতীকে লড়ছেন রুপা রায় চৌধুরী।

উল্লেখ্য, ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত জাতীয় সংসদের ১৩৬ নম্বর আসন মির্জাপুর উপজেলা। এই আসনে নিবন্ধিত মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৬৭৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৯ হাজার ৮৭৮ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৭৯৫ জন। যার মধ্যে এবার হালনাগাদকৃত নতুন ভোটার ৫ হাজার ৯৬০ জন।