২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

জয়পুরহাটের ১ ও ২ আসনে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮

  • Facebook Share
জয়পুরহাটের ১ ও ২ আসনে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

রাসেল হোসেন (জয়পুরহাট সদর প্রতিনিধি) :জেলার ২টি আসনের আওয়ামী লীগের প্রার্থী, নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের নিয়ে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ধানমণ্ডির সুধাসদন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবারও নৌকায় ভোট চাইলেন। তিনি এই এলাকার যুদ্ধাপরাধী কুখ্যাত আব্দুল আলীমের অত্যাচারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ভুল করেও আপনারা জামায়াত ও বিএনপিকে ভোট দিবেন না। জামায়াত-বিএনপি স্বাধীনতাবিরোধী, অর্থ পাচারকারী, খুনি ও এতিমের টাকা আত্মসাৎকারী। তাদের কখনো জনগণ ভোট দিবে না। জয়পুরহাটের ১ ও ২ আসনকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’ গত দুই মেয়াদে তার সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথা তুলে ধরে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশ ব্যাপী ব্যাপক উন্নয়ন এখন দৃশ্যমান।’

বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র খন্দকার হালিমুল আলম জনের সভাপতিত্বে এ ভিডিও কনফারেন্সে উপরোক্ত কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু, জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র খন্দকার হালিমুল আলম জন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলনসহ জেলার পাঁচ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের জনসভায় জেলার সকল নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি কয়েক হাজার উৎসুক জনতা উপস্থিত ছিলেন।