আরমান খান, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি খাল থেকে এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৪ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট সুন্দরী খালের শেখ বাড়ি এলাকায় এ লাশ পাওয়া যায়। লাশ পরিচয় সনাক্তের চেষ্টা চলছে জানিয়ে থানার উপ পরিদর্শক মো. আবু কাউছার বলেন, লাশটিতে পচন ধরে প্রায় বিকৃত হয়ে গেছে। তার পরনে কোনো কাপড় নেই। তবে লাশের কোমড়ের সাথে একটি কম্বল জড়ানো রয়েছে। বোয়ালখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম জানান, লাশটি কোনো যুবকের হবে। বয়স আনুমানিক ৩৫ হতে পারে। তার নাভির সাথে একটি পাইপ লাগানো আছে। ব্যক্তিটি অসুস্থ ছিলেন বলে ধারণা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।