আপডেট: জুন ২৭, ২০১৯

আপডেট:

বৃহস্পতিবার ভোর থেকেই ছিল বৃষ্টি। তাই শঙ্কা ছিল এমসি কলেজের গৌরময় ১২৭ বছর উদযাপন হবে কি-না। কিন্তু বৃষ্টির মধ্যেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ধীরে ধীরে আসতে থাকেন সবুজ ক্যাম্পাসে। বেলা পৌণে এগারোটার দিকে আকাশের মন কিছুটা ভালো হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অতিথিরাও এসে তখন উপস্থিত।
বেলা এগারোটার দিকে র্যালির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিলো কিন্তু বৃষ্টি থামছিলোই না। শেষ পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীরা ছাতা হাতে নিয়েই অংশ নিলেন গৌরবের ১২৭ বছরের আনন্দ র্যালিতে। কলেজের গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে ফুলেল শ্রদ্ধা জানান কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, প্রফেসর উপধ্যক্ষ মো. সালেহ আহমদ, মুরারিচাঁদ কলেজ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি-২০১৯ এর আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার চৌধুরীসহ অন্যান্য বিভাগের শিক্ষকরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সম্মেলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় সংগীত পরিবেশনের পরপরই বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদ সম্পাদকসহ বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্যরা। বৃক্ষরোপন কর্মসূচী শেষে সাইফুর রহমান ভবনে রক্তদান কর্মসূচীতে অংশ নেন কয়েকশো শিক্ষার্থী।
কর্মসূচী শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নেন কলেজের সাবেক, বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়।