আপডেট: জুন ২৮, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইকালে দুই ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের বিরামপুর বিজিবি বিশেষ ক্যাম্পের (কলাবাগান) সামনে থেকে ওই দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে মঞ্জুরুল আলম (৩০) ও একই জেলার সদর উপজেলার গোপালপুর গ্রামের নুরুন্নবী ফকিরের ছেলে মাসুদ রানা (৩৩)।
বিরামপুর বিজিবি বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার সাদির আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধায় বিরামপুর বিজিবি বিশেষ ক্যাম্পের সামনে (কলাবাগানে) সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে জোর করে মটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই ব্যক্তির চিৎকারে বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং ছিনতাইকারী দুই ব্যক্তিকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শরীফ উল্লাহ আবেদ দুই ভূয়া ডিবি পুলিশ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি’র জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি নিজেকে ভূয়া ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়।এসময়, তাদের কাছ থেকে হান্ডকাফ, নম্বরবিহীন একটি ভারতীয় মটরসাইকেল ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির, বিজিবি’র হাতে আটককৃত দুুই ভূয়া ডিবি পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের পৃর্বক শুক্রবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।