১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা নিহত ও পুত্র আহত

আপডেট: আগস্ট ২৩, ২০১৯

  • Facebook Share
রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা নিহত ও পুত্র আহত

সামিউল্লাহ কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা নিহত ও ছেলে আহত হয়েছেন। নিহতের নাম ইমারত হোসেন (৪৮)। আহত হয়েছেন পুত্র আব্দুল হাদি ইমন (২২)। আহত ইমন ঢাকা পলিটেকনিকের সিভিল ৫ম সেমিস্টারের শিক্ষার্থী। এ ঘটনায় হোমনা পরিবহনের বাস চালক শাহজাদাকে আটক ও ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের পাশে পকেটগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ডিএমপি যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম আজ বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পিতা ইমারত হোসেন (৪৮) ও পুত্র আব্দুল হাদি ইমন (২২) উভয়ে মিলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হীরাঝিল আবাসিক এলাকা থেকে মোটরসাইকেলে করে তাদের গ্রামের বাড়ি ফরিদপুরে যাচ্ছিল। পথে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্রিজের কাছে পকেটগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পিতা ও পুত্র উভয়েই আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকাল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইমারতকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ও যাত্রাবাড়ী থানা পুলিশ আজ জানান, যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওঠার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বাসটিকে জব্দ ও চালক শাহজাদাকে আটক করা হয়েছে। ইমারত হোসেন গোপালগঞ্জ মোকছেদপুর উপজেলার মো. রওশন মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ ইপিজেড দইয়েজস্টার বাটন কোম্পানির স্টোর ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

ইমারত হোসেনের পুত্র আহত আব্দুল হাদি ইমন (২২) ঢাকা পলিটেকনিকের সিভিল ৫ম সেমিস্টারের শিক্ষার্থী। তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হীরাঝিল আবাসিক এলাকায় বসবাস করতেন। এঘটনায় যাত্রাবাড়ী থানায় রোড এক্রিডেন্ট আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।