১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

লাশের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না

আপডেট: নভেম্বর ৫, ২০১৯

  • Facebook Share
লাশের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না

বাংলাদেশের গেরিলা মুক্তিযোদ্ধাদের অন্যতম একজন সাদেক হোসেন খোকা। বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার শেষ মেয়র। আমেরিকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময়, বারবার আহাজারী করেছেন দেশের মাটিতে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার। কিন্তু আমাদের নোংরা রাজনীতি তা হতে দেয়নি। একজন মুক্তিযোদ্ধা কে যদি আমরা তার দেশে তাকে শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে দিতে না পারি, তবে আমরা কেমনে হলাম মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি? কেমনে হলাম আমরা মুক্তিযুদ্ধের চেতনাধারী? এই প্রশ্নগুলোই শুধু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

সাদেক হোসেন খোকার রাজনীতির পরিচয় এর উপরে সবচেয়ে বড় পরিচয় তিনি স্বীকৃতিপ্রাপ্ত গেরিলা মুক্তিযোদ্ধা। অনেক অপারেশন এ তিনি নেতৃত্ব দেন সামনে থেকে,কিন্তু তারপরও তাকে পরলোকগমন করতে হলো ওই প্রবাসে। তবে কি তিনি মৃত্যুর আগে ভাবছিলেন, দেশ স্বাধীন করার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়াটাই তিনি ভুল করেছিলেন। আমার মনে হয় তিনি তা ভাবেননি, তিনি হয়তোবা ভাবছিলেন তার মৃত্যুর মাধ্যমে যেন দূর হয়ে যায় এই নোংরা রাজনীতি, যেন ফিরে পাক রাজনীতিতে তার পুরনো সৌন্দর্য।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাছে এসে বর্তমান তরুণ সমাজ এই নোংরা রাজনীতি আর চায় না। মানুষ যখন সুস্থ হয়ে বেঁচে থাকে তখন থাকে তার নানান পরিচয়, থাকে তার গায়ে বিভিন্ন রাজনৈতিক দলের লেবাস। কিন্তু যখন সে অসুস্থ হয়ে যায়, হয়ে যায় লাশ, তখন তার পরিচয় হওয়া উচিত শুধু একজন মানুষ। কিন্তু বর্তমানে আমাদের দেশে কোনো রাজনৈতিক দলের মাঝেই এটা দেখা যায় না।

একটি দলের এক রাজনৈতিক নেতা অসুস্থ হবেন অন্য দলের রাজনৈতিক নেতাকর্মীরা তাকে দেখতে যাবেন, একটি দলের কারো বিয়ে হবে অন্য দলের নেতাকর্মীরা নিমন্ত্রণ পেয়ে সেখানে দাওয়াত খেতে যাবেন। এটাই তো রাজনীতির সৌন্দর্য। এখানেই তো পায় রাজনীতি তার পরিপূর্ণতা।

তবেই উদ্বুদ্ধ হবে তরুণ সমাজ রাজনীতিতে জড়িত হওয়ার। কিন্তু আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কাছাকাছি এসে তরুণ সমাজ হয়ে গেছে রাজনীতিবিমুখ, যার জন্য দায়ী বর্তমান সব রাজনৈতিক দলের এই নোংরা রাজনীতি। আমরা তরুণরা চাই, আমাদের আশা, আমাদের বিশ্বাস স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা এই নোংরা রাজনীতির নোংরামি গুলো আর দেখবো না। আমরা চাই এসবের উত্তরণ হোক। রাজনীতি ফিরে পাক তার সৌন্দর্য। দেশটা হোক সপ্নের মত। সবকিছুর উপরে যেখানে সবার পরিচয় থাকবে “আমরা মানুষ”।

লেখক- মোঃ রমজান আলী ,শিক্ষার্থী দিনাজপুর সরকারি কলেজ