আপডেট: জানুয়ারি ৬, ২০২০

আপডেট:

আব্দুল্লাহ নুর, জবি :
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষা শহিদ রফিক ভবনের নিচে প্রতিবাদ সমাবেশ করে তারা। এসময় এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে আট দশটা অপরাধের মতো ধর্ষণ আমাদের দেশে নিত্যদিনের একটা রুটিন হয়ে গেছে। ধর্ষণের খবর দেখে সকালে ঘুম ভাঙে, ধর্ষণের খবর শুনে আমরা রাতে ঘুমাতে যাই। আমাদের দেশে অপরাধের পর একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিষয়টিকে ধামাচাপা দেয়া হয়। যার ফলে এরকম ঘটনা বেড়েই চলেছে।
তারা আরো বলেন, এই ধর্ষণের ঘটনায় প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তুলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন, সাত দফা আন্দোলনের সংগঠক তাওসিব মাহমুদ সোহান, ছাত্র ইউনিয়ন জবি শাখার সাধারণ সম্পাদক খাইরুল হাসান জাহিন, জহির উদ্দিন ফাগুন, মেহেদী হাসান, মাহফুজুর রহমান হীরা, সাধারণ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার যুগ্ম আহ্ববায়ক আবু বকর খান, তৌফিক মেসবাহ, তিথি সরকার, মাহমুদুল হাসান মিশু, সৌরভ আমান প্রমুখসহ সাধারণ শিক্ষার্থীরা।